বিশ্বকাপে ব্রাজিলের হার নিয়ে যে ভবিষ্যদ্বাণী করছেন ক্লেমেন্ট
টাইব্রেকারে ক্রোয়েশিয়ার কাছে হারের পর নেইমারকে সান্ত্বনা দেন রাফিনিয়া। ২০২২ সালে কাতারে। ছবি: এএফপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ মে ২০২৬ | ২০:০৬ | আপডেট: ২৮ মে ২০২৬ | ১২:১১
ফুটবল বিশ্বকাপের গত তিন আসরেই ভবিষ্যদ্বাণী করে সফল হয়েছিলেন জার্মান অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্ট। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হতে যাওয়া এবারের আসর ঘিরেও তিনি একটি মডেল তৈরি করেছেন।
মঙ্গলবার ক্লেমেন্টের সেই ভবিষ্যদ্বাণী নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। বিনিয়োগ ব্যাংক ‘প্যানমিউর লিবারাম’-এর স্ট্র্যাটেজিস্ট হিসেবে কর্মরত ক্লেমেন্ট বলছেন, সেমিফাইনালে ওঠার সম্ভাবনা থাকলেও ইংল্যান্ডকে ২০০৬ সালের মতো এবারও টুর্নামেন্ট থেকে বিদায় করে দিতে পারে পর্তুগাল।
ক্লেমেন্টের বরাত দিয়ে বিবিসি লিখেছে, ৪৮ দলের এই বিশাল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলের বিপক্ষে জাপান চমকপ্রদ জয় পেতে পারে। একই রাউন্ডে দক্ষিণ কোরিয়ার কাছে হেরে বিদায় নিতে পারে স্কটল্যান্ড।
গত ১০ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত ক্লেমেন্ট নিজেকে একজন ‘হতাশাবাদী’ মানুষ হিসেবে পরিচয় দেন। ২০১৪ সালে জার্মানি বিশ্বকাপ জেতার পর তাঁর প্রথম ভবিষ্যদ্বাণী সত্য হয়।
ক্লেমেন্ট ভেবেছিলেন, ২০১৮ সালে আবার হিসাব-নিকাশ করলে সফল নাও হতে পারেন। কিন্তু সেবারও তাঁর ফ্রান্সকে নিয়ে করা ভবিষ্যদ্বাণী মিলে যায়। ২০২২ সালে আর্জেন্টিনার ক্ষেত্রেও তা শতভাগ সত্য হয়। তাঁর ভবিষ্যদ্বাণী অনুযায়ী, এবার চ্যাম্পিয়ন হতে পারে নেদারল্যান্ডস।
- বিষয় :
- ব্রাজিল
- বিশ্বকাপ ফুটবল
- ভবিষ্যদ্বাণী
- ফুটবল
