ঈদের দিন বাংলাদেশকে খুশি করতে চান মারিয়ারা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ মে ২০২৬ | ২২:০০
আগামীকাল বাংলাদেশে কোরবানির ঈদ। এই দিনে বাংলাদেশ নারী ফুটবল দল সাফ চ্যাম্পিয়নশিপে রাত আটটায় প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে খেলবে। ঈদের দিন দেশবাসীকে জয় উপহার দিতে চায় বাংলাদেশ দল।
আজ বিকেলে গোয়ায় ডন বস্কো অনুশীলন গ্রাউন্ডে প্র্যাকটিস করে দল। সাফ নারী টুর্নামেন্টে বাংলাদেশের অধিনায়ক মারিয়া মান্দা বলেন, ‘আমরা অবশ্যই দেশবাসীকে ভালো কিছু উপহার দিতে চাই। আমাদের লক্ষ্য ভালো খেলা এবং আমরা জিতে দেশবাসীকে খুশি করতে চাই।’
মালদ্বীপ গ্রুপের প্রথম ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে ১১-০ গোলে হেরেছে। বাংলাদেশ আগামীকাল মালদ্বীপকে হারালে সেমিফাইনাল নিশ্চিত হবে। বাংলাদেশ ও ভারতের ম্যাচ হবে গ্রুপ পর্ব সেরা নির্ধারণী। বাংলাদেশ মালদ্বীপকে ১১ গোলের কমে হারালে ভারতের বিপক্ষে ড্র করলে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় গ্রুপ রানার্সআপ হবে।
মারিয়া মান্দা বলেন, এ নিয়ে অবশ্য এখনই ভাবছি না আমরা। প্রথম ম্যাচ ভালোমতো শুরু করতে চাই। জয় ও পয়েন্ট পাওয়া গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ‘ভারত ম্যাচের আগে কালকের ম্যাচ আমাদের জন্য একটা প্রস্তুতি। তবে আমরা কালকের ম্যাচ নিয়েই ভাবছি। ম্যাচ ধরে ধরে এগোতে চাই।’
- বিষয় :
- বাংলাদেশ
- নারী ফুটবল দল
