ফের মেডিকেল পরীক্ষায় নেইমার, প্রথম অনুশীলনেই অনুপস্থিত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ মে ২০২৬ | ১৪:৫৬
বিশ্বকাপের প্রস্তুতির প্রথম অনুশীলনে মাঠে নামেননি ব্রাজিল তারকা নেইমার। ডান পায়ের কাফে চোটের কারণে তাকে আরও কিছু মেডিকেল পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে বলে জানিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
বুধবার ব্রাজিল দলের অনুশীলন শুরুর আগে নেইমার দলের সঙ্গে ক্যাম্পে যোগ দিলেও পরে তাকে চিকিৎসকদের সঙ্গে হাসপাতালে যেতে দেখা যায়। সিবিএফের মেডিকেল বিভাগ জানিয়েছে, চোটের সুনির্দিষ্ট অবস্থা জানতে অতিরিক্ত পরীক্ষা করানো হয়েছে।
গত ১৭ মে ব্রাজিলিয়ান লিগে সান্তোসের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন নেইমার। কোরিতিবার বিপক্ষে সেই ম্যাচের পর থেকেই মাঠের বাইরে রয়েছেন তিনি।
ইএসপিএন ব্রাজিলের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিল দলের প্রধান চিকিৎসক রদ্রিগো লাসমারের সঙ্গে এমআরআই স্ক্যান করাতে যান নেইমার।
চোটের কারণে বিশ্বকাপের আগে ব্রাজিলের প্রথম প্রস্তুতি ম্যাচে তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। আগামী রোববার ব্রাসিলিয়ায় পানামার বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর ৫ জুন মিসরের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে দলটি।
তবে মঙ্গলবার সান্তোসের কোপা সুদামেরিকানা ম্যাচ দেখতে গিয়ে নিজের চোট নিয়ে উদ্বেগ উড়িয়ে দেন নেইমার। সাংবাদিকেরা চোট নিয়ে প্রশ্ন করলে তিনি পাল্টা বলেন, ‘কী সমস্যা?’
নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে প্রথম অনুশীলনে ২৩ জন ফুটবলার যোগ দেন। অনুপস্থিত ছিলেন শুধু নেইমার ও ডানপ্রান্তের ডিফেন্ডার দানিলো। কোপা লিবার্তাদোরেসে ক্লাবের ম্যাচ খেলার কারণে দানিলো বিশ্রামে ছিলেন।
চ্যাম্পিয়নস লিগের ফাইনাল শেষে পরে দলে যোগ দেওয়ার কথা রয়েছে প্যারিস সেইন্ট জার্মেইনের মারকিনিওস এবং আর্সেনালের গ্যাব্রিয়েল মাগালহায়েস ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লির। সূত্র: ইএসপিএন
