ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রোনালদোর জন্য বিশ্বকাপ জিততে চান দালোত

রোনালদোর জন্য বিশ্বকাপ জিততে চান দালোত
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৬ | ২৩:০২

বর্ণাঢ্য ক্যারিয়ারে বিশ্বকাপ ছাড়া সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। তার অধরা এই ট্রফি জয়ের জন্য আসন্ন বিশ্বকাপকে শেষ সুযোগ হিসেবে ধরা হচ্ছে। পর্তুগালের ডিফেন্ডার দিয়োগো দালোত বলছেন, বিশ্বকাপ জিতে এই মহাতারকার ফুটবল ক্যারিয়ারের সুন্দর সমাপ্তির জন্য সবরকম চেষ্টাই তারা করবেন।

ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপে খেলার অপেক্ষায় ৪১ বছর বয়সী রোনালদো। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে ফুটবলের সবুজ আঙিনায় এখনও দারুণ পারফরম্যান্স উপহার দিয়ে চলেছেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার। তিনি ফর্মে থাকায় পর্তুগালকে বিশ্বকাপের ফেভারিটদের একটি হিসেবে দেখা হচ্ছে।

কাজেটিভিকে দেওয়া সাক্ষাৎকারে দালোত বললেন, পুরো বিশ্ব চায় রোনালদো বিশ্বকাপ জিতুক। ক্রিস্তিয়ানো শুধু পর্তুগালের জন্যই নয়, বরং ফুটবলের জন্যও যা কিছু করেছেন, তার জন্য একটি বিশ্বকাপ জিতে ক্যারিয়ার শেষ করাটা হবে অসাধারণ ব্যাপার। আমাকে যদি জিজ্ঞেস করেন: সর্বকালের সেরাদের একজন হিসেবে বিবেচিত হতে তার কি একটি বিশ্বকাপের প্রয়োজন আছে? আমি বলব, না। কিন্তু আমি মনে করি, এটা তার ক্যারিয়ারে আরও সৌন্দর্য যোগ করবে এবং নিঃসন্দেহে এটা তার অর্জনে সুন্দর ট্রফি হতে পারে।

তিনি বলেন, ‘আশা করি, এটা হবে। তার একজন ভক্ত ও ফুটবল অনুরাগী হিসেবে তার জিততে চাওয়ার পাশাপাশি এটাও জানি যে, আমার দেশের জন্য এটা হবে গুরুত্বপূর্ণ ট্রফি। এর অংশ হতে পারাটা হবে অসাধারণ।’

দেশের হয়ে ২২৬ ম্যাচে ১৪৩ গোল করেছেন রোনালদো, দুটিই আন্তর্জাতিক ফুটবল ইতিহাসে সর্বোচ্চ।

বিশ্বকাপের জন্য পর্তুগাল দল অনুশীলন শুরু করবে আগামী সোমবার। মায়ামিতে তাদের বিশ্বকাপ ক্যাম্পে যোগ দেওয়ার আগে তারা দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে চিলি ও নাইজেরিয়ার বিপক্ষে। ১৭ জুন ডি আর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে রবের্তো মার্তিনেসের দল। ‘কে’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ উজবেকিস্তান ও কলম্বিয়া।

আরও পড়ুন

×