ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জার্মান দলে প্রতিভার কমতি দেখছেন না কিমিচ

জার্মান দলে প্রতিভার কমতি দেখছেন না কিমিচ
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৬ | ১৪:৩৩

বিশ্বকাপের মহাযজ্ঞ শুরুর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে ফিনল্যান্ডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানি। ডাই মানশাফটদের এমন দাপুটে পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত প্রধান কোচ হুলিয়ান নাগেলসম্যান ও অধিনায়ক জশুয়া কিমিখ। ম্যাচ শেষে দুজনেই দলের খেলোয়াড়দের প্রতিভার ভূয়সী প্রশংসা করেছেন।

ফিনিশদের বিপক্ষে অলরাউন্ড পারফরম্যান্সে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জার্মান অধিনায়ক জশুয়া কিমিখ। অধিনায়কের ভাষ্য, ‘পুরো ৯০ মিনিটে আমরা প্রতিপক্ষকে তেমন কোনো সুযোগই দিইনি, সত্যি বলতে কোনো সুযোগই পায়নি তারা। দিনশেষে এই জয়টা আমাদের সম্পূর্ণ প্রাপ্য ছিল। আমরা মাঠে আমাদের হাই-প্রেসিং কৌশলটা যতটা সম্ভব প্রয়োগ করতে চেয়েছিলাম এবং সেখান থেকেই অনডাভ গোল বের করেছে। আমরা কাউন্টার-অ্যাটাকে গোল করেছি, আবার সেট-পিস থেকেও সফল হয়েছি। এক ম্যাচে যা যা থাকা দরকার, তার সবই ছিল।’

বিশ্বকাপে এই ছন্দ ধরে রাখার তাগিদ দিয়ে কিমিখ বলেন, ‘আমাদের দলে প্রচুর প্রতিভা রয়েছে। এখন আসল কাজ হলো, এই প্রতিভাকে বিশ্বকাপের মূল মঞ্চে সঠিকভাবে মেলে ধরা।’

ম্যাচ শেষে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক বায়ার্ন মিউনিখ বস হুলিয়ান নাগেলসম্যান বলেন, ‘ছেলেরা আমাদের ম্যাচ প্ল্যান খুব চমৎকারভাবে মাঠে বাস্তবায়ন করেছে। আমরা শুরুটাও দারুণ করেছিলাম, বিশেষ করে প্রথম ১৫ মিনিটের ফুটবল ছিল এককথায় অসাধারণ।’

জার্মানির ট্যাকটিক্যাল বৈচিত্র্য নিয়ে কোচ আরও যোগ করেন, ‘দ্বিতীয়ার্ধে আমরা কৌশলের অংশ হিসেবে বেশ কিছুটা সময় রক্ষণভাগ নিচে নামিয়ে খেলেছি। সেখান থেকে আমরা কাউন্টার-অ্যাটাকে একটি গোলও পেয়েছি। সব মিলিয়ে ম্যাচের ফলাফল অত্যন্ত ভালো। সবচেয়ে বড় কথা, আমরা কোনো গোল হজম করিনি। আমাদের এই ধারাটাই বজায় রাখতে হবে।’

আগামী শনিবার (৬ জুন) নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে জার্মানি।

আরও পড়ুন

×