বাংলাদেশকে সমীহ করছেন সান মারিনো কোচ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ জুন ২০২৬ | ১৬:২২
ইউরোপের মাটিতে স্বাগতিক সান মারিনোর বিপক্ষে ঐতিহাসিক ম্যাচে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ। এশিয়ার কোনো দেশের বিপক্ষে এটিই সান মারিনোর প্রথম ম্যাচ। আর বাংলাদেশের জন্য এটি ইউরোপের মাটিতে কোনো ইউরোপীয় দলের বিরুদ্ধে প্রথম লড়াই। গতকালের সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলকে নিয়ে নিজেদের সমীহের কথা জানিয়েছেন সান মারিনোর হেড কোচ রবার্তো সেভোলি এবং ফরোয়ার্ড ফিলিপ্পো ভার্দে।
ফিফা র্যাংকিংয়ে একদম তলানিতে থাকা সান মারিনোর চেয়ে ৩০ ধাপ এগিয়ে রয়েছে বাংলাদেশ। তবে ইউরোপের বড় দলগুলোর বিপক্ষে খেলার অভিজ্ঞতাসম্পন্ন সান মারিনো কোচ রবার্তো সেভোলির নজর বাংলাদেশের মাঠের কৌশলে। বাংলাদেশ দল প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ দলে কয়েকজন দ্রুতগতির খেলোয়াড় রয়েছে। বাংলাদেশ কাউন্টার অ্যাটাকে খুবই ভালো।
বাংলাদেশ দলে সম্প্রতি আসা কোচিং পরিবর্তন নিয়েও কথা বলেন সেভোলি। দীর্ঘ সাড়ে তিন বছর স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার অধীনে খেলার পর সপ্তাহ দুয়েক আগে বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন নতুন কোচ থমাস ডুলি। এ প্রসঙ্গে সান মারিনো কোচ বলেন, বাংলাদেশে নতুন কোচ এসেছেন। নিশ্চয়ই তিনি নতুন কিছু করার চেষ্টা করবেন।
স্টেডিয়ামে প্রবাসী বাংলাদেশিদের সম্ভাব্য জোরালো উপস্থিতি নিয়ে রবার্তো সেভোলি জানান, ইউরোপের মাটিতে বাংলাদেশের এই ঐতিহাসিক ম্যাচ ঘিরে গ্যালারিতে অনেক প্রবাসী আসবেন এবং তাদের অনুভূতি ভিন্ন থাকবে। তবে সান মারিনোর দৃষ্টিকোণ থেকে মাঠের খেলায় এর কোনো প্রভাব পড়বে না।
- বিষয় :
- বাংলাদেশ ফুটবল
