ঢাকা রোববার, ০৭ জুন ২০২৬

মারামারি ও লাল কার্ডের রাতে চিলিকে হারাল পর্তুগাল

মারামারি ও লাল কার্ডের রাতে চিলিকে হারাল পর্তুগাল
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৬ | ০৯:১২ | আপডেট: ০৭ জুন ২০২৬ | ১১:০২

বিশ্বকাপ ফুটবল শুরু হতে বাকি আর মাত্র কয়েক দিন। মেগা টুর্নামেন্টের ঠিক আগমুহূর্তে এসে মাঠের ফুটবলের চেয়ে অনাকাঙ্ক্ষিত এক মারামারির ঘটনায় উত্তাপ ছড়ালো পর্তুগাল ও চিলির প্রীতি ম্যাচ। চিলির ডিফেন্ডারকে সরাসরি ঘুষি মেরে লাল কার্ড দেখেছেন পর্তুগিজ ফরোয়ার্ড রাফায়েল লিও। প্রথমার্ধেই দুই দলের দুজন লাল কার্ড দেখে মাঠ ছাড়ার রাতে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে পর্তুগাল।

এদিন ক্রিশ্চিয়ানো রোনালদোকে শুরুর একাদশে রেখেই দল নামিয়েছিলেন পর্তুগিজ কোচ। ম্যাচের প্রথমার্ধের প্রায় পুরোটা সময় শান্ত থাকলেও শেষ মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয় মাঠ। চিলির এক খেলোয়াড় ফাউল করায় ক্ষুব্ধ হয়ে ওঠেন রাফায়েল লিও। এর জের ধরে চিলির ডিফেন্ডার ইভান রোমানের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান তিনি। একপর্যায়ে মেজাজ হারিয়ে রোমানকে সরাসরি ঘুষি মেরে বসেন লিও। মাঠের ভেতর এমন মারামারির ঘটনায় রেফারি লিও এবং চিলির রোমান দুজনকেই লাল কার্ড দেখায়। এতে প্রথমার্ধেই ১০ জনের দলে পরিণত হয় উভয় দল।

বিরতির সময় অধিনায়ক রোনালদোকে মাঠ থেকে তুলে নেন কোচ। তার পরিবর্তে বদলি হিসেবে মাঠে নামেন উইঙ্গার গনসালো গুয়েদেস। ম্যাচের ৫৮ মিনিটে দারুণ এক ফিনিশিংয়ে পর্তুগালকে এগিয়ে নিয়ে ডেডলক ভাঙেন এই উইঙ্গারই।

খেলার ৭৫ মিনিটে ব্যবধান ২-০ করেন তারকা মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ। এই গোলে দেশের হয়ে নিজের ২৯ নম্বর গোলটি করলেন তিনি। আর এর মধ্য দিয়ে পর্তুগালের ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখন যৌথভাবে পঞ্চম স্থানে উঠে এলেন ব্রুনো। ম্যাচের একদম শেষ দিকে ইনজুরি টাইমে চিলির পক্ষে লুকাস সেপেদা একটি গোল শোধ করলেও তা কেবল ব্যবধানই কমিয়েছে।

পর্তুগাল আগামী ১০ জুন নাইজেরিয়ার বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে। এরপর ১৭ জুন ডি আর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। ‘কে’ গ্রুপে পর্তুগিজদের বাকি দুই প্রতিপক্ষ উজবেকিস্তান ও কলম্বিয়া।

রাতের অন্য প্রীতি ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারিয়েছে জার্মানি। আর নিউজিল্যান্ডের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে হ্যারি কেইনের ইংল্যান্ড।

আরও পড়ুন

×