বাংলাদেশে আসছেন না ট্রাভিস হেড, ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন মার্শও
ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটি নিয়েছেন ট্রাভিস হেড, চোট কাটিয়ে উঠতে না পারায় ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন মার্শ। ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ জুন ২০২৬ | ১৪:৩১
তিন ওয়ানডে ও তিন ম্যাচের টি-টেয়োন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়া দল এই মুহূর্তে ঢাকায়। মিরপুরে আগামীকাল মঙ্গলবার সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। তবে বাংলাদেশের বিপক্ষে শুরু হতে যাওয়া দুই সিরিজেই ট্রাভিস হেডকে পাবে না অস্ট্রেলিয়া।
এছাড়া চোট কাটিয়ে পুরোপুরি সেরে উঠতে পারেননি বলে ওয়ানডে সিরিজ খেলা হবে না অধিনায়ক মিচেল মার্শের। পাশাপাশি খেলা হবে না লেগ স্পিনার তানভীর সাংঘারও। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
হেডকে অবশ্য ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সিরিজের দলেই রেখেছিলেন নির্বাচকেরা। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে বাংলাদেশ সফর থেকে ছুটি নিয়েছেন ৩২ বছর বয়সী এ মারকুটে ব্যাটসম্যান। অন্যদিকে গোড়ালির চোট কাটিয়ে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা মার্শ ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেও টি-টোয়েন্টি সিরিজের দলে যোগ দেবেন বলে জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচক টনি ডোডেমাইড। আর পাকিস্তান সফরে হ্যামস্ট্রিংয়ে পাওয়া চোটে ছিটকে গেছেন তানভীর সাংঘা।
এ তিনজনের বদলির নামও ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দলে সুযোগ পেয়েছেন ম্যাট শর্ট, অলি পিক ও টড মারফি। এর মধ্যে অফ স্পিনার টড মারফি এর আগে অস্ট্রেলিয়ার জার্সিতে সাতটি টেস্ট খেললেও এই প্রথম ওয়ানডে দলে ডাক পেলেন।
বাংলাদেশের বিপক্ষে সিরিজে মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডের অনুপস্থিতিতে অভিজ্ঞতায় কিছুটা পিছিয়ে ছিল অস্ট্রেলিয়া। সেখানে ট্রাভিস হেড ও মিচেল মার্শের না থাকা আরও বিপাকে ফেলতে পারে অজিদের। তবে অন্তর্বর্তী অধিনায়ক ইংলিস মনে করেন, এতে অন্য খেলোয়াড়দের প্রমাণের সুযোগ তৈরি হবে।
নতুন ডাক পাওয়াদের নিয়ে ইংলিস বলেছেন, ‘এটা ওদের জন্য দারুণ অভিজ্ঞতা। আমি অলিভার পিককে বলেছিলাম, “একজন অস্ট্রেলিয়ান ক্রিকেটারের জন্য এর চেয়ে কঠিন পরিস্থিতি খুব একটা হয় না।” এসব কন্ডিশন আমাদের জন্য একেবারেই ভিন্ন।’
ইংলিস যোগ করেন, ‘আমি ওকে বলেছি, পুরো অভিজ্ঞতাটা উপভোগ করতে। আমাদের অনেক খেলোয়াড় এখনও এসব কন্ডিশনে নিজেদের খেলার পরিকল্পনা তৈরি করা শিখছে—রিভার্স সুইং, স্পিন এবং এ ধরনের চ্যালেঞ্জ কীভাবে মোকাবিলা করতে হয়, তা রপ্ত করছে।’
উল্লেখ্য, আগামীকাল মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুদল। একই ভেন্যুতে সিরিজের পরের দুটি ওয়ানডে হবে ১১ ও ১৪ জুন। এরপর ১৭ জুন চট্টগ্রামে হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। একই ভেন্যুতে সিরিজের পরের দুটি ম্যাচ হবে ১৯ ও ২১ জুন।
বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া ওয়ানডে দল:
জশ ইংলিস (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ম্যাথু কুনেম্যান, মারনাস লাবুশেন, টড মারফি, অলি পিকে, ম্যাথু রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।
বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল:
মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ ইংলিস, স্পেনসার জনসন, ম্যাথু কুনেম্যান, রাইলি মেরেডিথ, জশ ফিলিপ, ম্যাথু রেনশ ও অ্যাডাম জাম্পা।
