মিরাজ থাকতেও দলে মোসাদ্দেক কেন, ব্যাখ্যা দিলেন অধিনায়ক
মেহেদী হাসান মিরাজ (বামে) ও মোসাদ্দেক হোসেন (ডানে)। ছবি: সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ জুন ২০২৬ | ১৬:০৩
ওয়ানডেতে মুখোমুখি ২২ বারের দেখায় একটি জয়- অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্স মোটেও গর্ব করার করার মতো নয়। একমাত্র জয়টাও এসেছে দুই দশকের বেশি সময় আগে। অবশ্য নিকট অতীতে অস্ট্রেলিয়ার সঙ্গে তেমন খেলার সুযোগই মেলেনি বাংলাদেশের।
দুদল সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছে সেই ২০১১ সালে। এর পরে দুদল মুখোমুখি হয়েছে শুধু বিশ্বকাপ কিংবা আইসিসি আয়োজিত টুর্নামেন্টেই। অবশেষে দীর্ঘ ১৫ বছরের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। তিন ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া।
আগামীকাল মঙ্গলবার মিরপুরে শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। ওই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সেখানে দলের পরিকল্পনা ও চার বছর পর ওয়ানডে দলে ফেরা মোসাদ্দেকের ভূমিকা সহ আরও অনেক বিষয়েই কথা বলেছেন মিরাজ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দল যে মুখিয়ে আছে, সেটা উঠে এসেছে অধিনায়কের কথাতেই, ‘আমরা সবাই অনেক এক্সাইটেড। দীর্ঘ সময় পর আমরা অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ খেলছি। অধিনায়ক হিসেবেও আমিও অনেক এক্সাইটেড।’
অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়ানডেতে বাংলাদেশের পরিসংখ্যানের পাল্লাটা একদিকে হেলে থাকলেও এবার সেই অবস্থার পরিবর্তন করতে চান মিরাজ। ওয়ানডেতে অবশ্য বাংলাদেশ দারুণ ছন্দেই আছে। ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা সর্বশেষ তিন ওয়ানডে সিরিজেই জয়ী দলের নাম বাংলাদেশ। অস্ট্রেলিয়া সিরিজেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চান মিরাজ। তবে এবার কাজটা যে সহজ হবে না, সেটাও বলে রাখলেন বাংলাদেশ অধিনায়ক, ‘আমার কাছে মনে হয়, এটা ভালো একটা চ্যালেঞ্জ শুরু হতে যাচ্ছে। আমরা যদি শুরুটা ভালো করতে পারি, তাহলে আমাদের জন্য ভালো হবে। কারণ প্রত্যেকটা চ্যালেঞ্জই আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।’
গুরুত্বপূর্ণ এ সিরিজ দিয়েই দীর্ঘ চার বছর পর জাতীয় দলে ডাক পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের জন্যই মোসাদ্দেককে দলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওয়ানডে অধিনায়ক।
অবশ্য এর আগে মোসাদ্দেক যখন জাতীয় দলের বাইরে ছিলেন, তখন নির্বাচকের পক্ষ থেকে জানানো হয়েছিল, মোসাদ্দেক আর মিরাজের খেলার ধরণ ও পজিশন অনেকটা একই বলে মিরাজ যতদিন দলে আছেন, ততদিন হয়তো মোসাদ্দেকের জন্য দরজা বন্ধও থাকতে পারে। তা এখন মিরাজ অধিনায়ক থাকতেই যেহেতু মোসাদ্দেক দলে ফিরলেন, তাহলে মোসাদ্দেকের ভূমিকা কী হতে পারে?
এমন প্রশ্নের জবাবে মিরাজ বলেছেন, ‘আমি আর মোসাদ্দেক কিন্তু একসাথে বাংলাদেশ টিমে অনেকদিন খেলেছি। আপনারা যদি দেখেন ২০১৯ বিশ্বকাপেও আমরা খেলেছি একসাথে। তাই আমার কাছে মনে হয় এটা কোনো ডিফারেন্ট কোনো ইস্যু না। মোসাদ্দেক মোসাদ্দেকের রোলটা প্লে করবে, আমি আমার রোলটা প্লে করব। মোসাদ্দেক হলো ব্যাটিং অলরাউন্ডার, আমি হলো বোলিং অলরাউন্ডার। সো দুইজনের রোলটা ডিফারেন্ট।’
মিরাজ যোগ করেন, ‘আমার কাছে মনে হয়, ও (মোসাদ্দেক) যদি পারফর্ম করতে পারে, এটা আমার জন্য এবং দলের জন্য অনেক বিরাট উপকার হবে। দিন শেষে আমরা সবাই চিন্তা করি যে, দলটাকে কোন জায়গায় নিয়ে যাওয়া যায়। ঘরোয়াতে ও যেভাবে পারফর্ম করেছে, আমি ওকে নিয়ে অনেক আত্মবিশ্বাসী। যদি সুযোগ আসে, ও ভালো করবে।’
