ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল নেদারল্যান্ডস

বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল নেদারল্যান্ডস
×

চোট কাটিয়ে সেরে উঠতে না পারায় বিশ্বকাপ শেষ জুরিয়েন টিম্বারের। ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৬ | ১৫:৪৪ | আপডেট: ০৯ জুন ২০২৬ | ১৫:৪৫

বিশ্বকাপ শুরুর দুদিন আগে বড় দুঃসংবাদ পেয়েছে নেদারল্যান্ডস। কুঁচকিতে পাওয়া চোট থেকে সেরে উঠতে না পারায় বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন জুরিয়েন টিম্বার। আর্সেনালে খেলা ২৪ বছর বয়সী এ ডিফেন্ডারের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন। 

টিম্বার সর্বশেষ ম্যাচ খেলেছেন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। পিএসজির বিপক্ষে টাইব্রেকারে হেরে যাওয়া ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। এরপর থেকে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিলেও চোটের কারণে প্রস্তুতি ম্যাচ খেলা হয়নি টিম্বারের। 

দল ধারণা করেছিল, বিশ্বকাপের আগেই সেরে উঠবেন টিম্বার। কিন্তু প্রত্যাশা অনুযায়ী উন্নতি না হওয়ায় বিশ্বকাপই শেষ হয়ে যায় আর্সেনাল ডিফেন্ডারের। 

টিম্বারের ছিটকে যাওয়া প্রসঙ্গে ডাচ ফুটবলের পক্ষ থেকে বলা হয়েছে, '২৪ বছর বয়সী এই ডিফেন্ডার কুঁচকির চোট থেকে যথেষ্ট সুস্থ হয়ে উঠতে পারেননি, ফলে তাঁর বিশ্বকাপে অংশগ্রহণ সম্ভব নয়। মেডিক্যাল স্টাফের পরামর্শে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, উজবেকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের পর তিনি জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাবেন।'

নেদারল্যান্ডস অবশ্য এরই মধ্যে উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচটা খেলে ফেলেছে। গতকাল সোমবার রাতের ম্যাচে কোদি গাকপোর জোড়া গোলে উজবেকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়েছে ডাচরা। 

এদিকে টিম্বারের পরিবর্তে নেদারল্যান্ডসের বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন লুটশারেল গিরট্রুইডা। এ প্রসঙ্গে ডাচ কোচ কোম্যান বলেছেন, 'গত কয়েক দিন ধরেই আমাদের মনে হচ্ছিল, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। শেষ পর্যন্ত গত রাত এবং আজ সকালে আমরা জুরিয়েনের সঙ্গে আলোচনা করেছি। দুর্ভাগ্যজনকভাবে আমাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে।'

উল্লেখ্য, নেদারল্যান্ডস বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে আগামী ১৪ জুন, জাপানের বিপক্ষে। গ্রুপপর্বে ডাচদের অন্য দুই প্রতিপক্ষ সুইডেন ও তিউনিশিয়া।
 

আরও পড়ুন

×