ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

ফুটবল জ্বরে আক্রান্ত বিশ্ব

ফুটবল জ্বরে আক্রান্ত বিশ্ব
×

 নাজমুল হক নোবেল

প্রকাশ: ১০ জুন ২০২৬ | ০৮:৫৬ | আপডেট: ১০ জুন ২০২৬ | ১০:২৬

| প্রিন্ট সংস্করণ

ক্যালিফোর্নিয়ার ঝলমলে নীল আকাশ দেখলেই মনটা ভরে ওঠে। সেই চমৎকার আবহাওয়ায় গত সোমবার প্রথমবারের মতো জনসমক্ষে অনুশীলন করে যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র। স্বাগতিকদের অনুশীলন দেখতে সাড়ে পাঁচ হাজার দর্শক টিকিট কেটে হাজির হয়েছিলেন। বাস্কেটবল-বেসবলপাগল মার্কিন মুল্লুকে যা বিরল ঘটনা। এই উন্মাদনা যুক্তরাষ্ট্রের অন্য শহরগুলোতেও ছড়িয়ে পড়েছে। আর্জেন্টিনা ও ইংল্যান্ড দলের বেস ক্যাম্প কানসাসে, ব্রাজিল আবাস গেড়েছে নিউ জার্সিতে, পর্তুগালের ক্যাম্প ফ্লোরিডায়, ফ্রান্সের ক্যাম্প বোস্টনে। এই শহরগুলোতে এরই মধ্যে সমর্থকরা ভিড় জমাতে শুরু করেছেন। ফুটবলপাগল মেক্সিকোতে উন্মাদনা তো আরও তুঙ্গে! সে তুলনায় কানাডাতে মাতামাতি একটু কম। মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশের মাঝরাতে বিশ্বকাপের উদ্বোধন হবে। সেই আয়োজন ঘিরে ধুন্ধুমার অবস্থা গোটা উত্তর আমেরিকায়। মেক্সিকো সিটিতে শাকিরার পারফরম্যান্সের মধ্য দিয়ে শুরু হয়ে পরের দিন টরন্টো ও লস অ্যাঞ্জেলেসে বর্ণাঢ্য ত্রিমাত্রিক উদ্বোধন হবে। এবারের আসরের অধিকাংশ ম্যাচ বাংলাদেশ সময় গভীর রাত ও ভোরবেলায়। রাত জেগে বিশ্বকাপ উপভোগের প্রস্তুতি নিচ্ছেন দেশের ফুটবলপ্রেমীরা। 

কাকতালীয়ভাবে এবারের উদ্বোধনী ম্যাচটা ২০১০ বিশ্বকাপের রি-ম্যাচ। এবারও বিশ্বকাপ শুরু হচ্ছে মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে। ১৬ বছর আগে কলম্বিয়ান পপ তারকা শাকিরা ‘ওয়াকা ওয়াকা’ গেয়ে ফুটবল বিশ্বকাপের মুখ হয়ে উঠেছিলেন। আর স্বাগতিক তারকা শিফিওয়ে শাবালালা বাঁ পায়ের দর্শনীয় এক শটে মেক্সিকোকে হারিয়ে আফ্রিকার মাটিতে বিশ্বকাপের সূচনা করেছিলেন। এবারও কি প্রথম দিনে তেমন কোনো চমকের দেখা পাবেন দর্শক? মেক্সিকোর আজটেকা স্টেডিয়াম (সংস্কারের পর মেক্সিকো সিটি স্টেডিয়াম নামকরণ হয়েছে) এমনিতেই ফুটবল ইতিহাসে স্বতন্ত্র জায়গা করে নিয়েছে। এ নিয়ে তৃতীয়বার ফুটবল বিশ্বকাপের উদ্বোধন হতে যাচ্ছে এই মাঠে। ১৯৭০, ১৯৮৬ বিশ্বকাপের পর ২০২৬ সালের আয়োজন অন্য এক উচ্চতায় নিয়ে যাবে এই মাঠকে। এই সেই স্টেডিয়াম, যেখানে ব্রাজিল ও আর্জেন্টিনা উভয় দলই ট্রফি উঁচিয়ে ধরেছিল। ১৯৭০ সালে ইতালিকে উড়িয়ে দিয়ে জুলে রিমে ট্রফি জিতেছিলেন ফুটবল-সম্রাট পেলে। ১৯৮৬ সালে জার্মানিকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিলেন ফুটবল-ঈশ্বর দিয়েগো ম্যারাডোনা। এবার অবশ্য এই মাঠে ফাইনাল হবে না। 

সে যাই হোক, বৃহস্পতিবার প্রথম ম্যাচের ঠিক দেড় ঘণ্টা আগে শুরু হবে উদ্বোধন অনুষ্ঠান। যেখানে এবারও প্রধান পারফরমার শাকিরা। কলম্বিয়ান এই সুন্দরীর সঙ্গে থাকছেন নাইজেরিয়ান পপ তারকা বার্না বয়, কলম্বিয়ান গায়ক জে বালভিন এবং দক্ষিণ আফ্রিকান গায়িকা টাইলা। ১২ জুন টরন্টোর উদ্বোধনীতে পারফর্ম করবেন কানাডার বিখ্যাত পপ তারকা মাইকেল বুশ্লে ও কানাডিয়ান গায়িকা অ্যালানিস মরিসেট। যুক্তরাষ্ট্র পর্বের উদ্বোধন অনুষ্ঠান হবে ১৩ জুন ভোরে। লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে মঞ্চ মাতাবেন পপ তারকা কেটি পেরি, ফিউচার, লিসা, আনিত্তা, রেমা ও টাইলা। প্রতিটি উদ্বোধন অনুষ্ঠানই স্বাগতিক দেশের প্রথম ম্যাচের দেড় ঘণ্টা আগে শুরু হবে। 

এভাবেই উত্তর আমেরিকাজুড়ে একাধিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠবে প্রথমবারের মতো ৪৮ দেশকে নিয়ে আয়োজিত বিশ্বকাপের সবচেয়ে বড় আসরের। তিন দেশের ১৬টি শহরে ১০৪ ম্যাচের বৈশ্বিক এ আসরের পরিসমাপ্তি ঘটবে ১৯ জুলাই নিউইয়র্কে। বিশ্বকাপের উদ্বোধনী নিয়ে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এক বার্তায় বলেছেন, ‘ফিফা বিশ্বকাপ এমন একটি মুহূর্ত, যা পুরো বিশ্ব ভাগ করে নেয়। মেক্সিকো সিটিতে শুরু হয়ে যা পরদিন টরন্টো ও লস অ্যাঞ্জেলেসে চলবে। এই উদ্বোধন অনুষ্ঠানে সংগীত, সংস্কৃতি ও ফুটবলের এক অন্যন্য মেলবন্ধ হবে। যেখানে প্রতিটি জাতির স্বতন্ত্রতা ফুটে উঠবে। এটি সত্যিকারের বৈশ্বিক উদযাপনও বটে।’ তবে নিউইয়র্ক টাইমস গ্রুপের ক্রীড়াবিষয়ক দৈনিক ‘অ্যাথলেটিক’ জানিয়েছে, তিন উদ্বোধন অনুষ্ঠানের কোনোটির দৈর্ঘ্যই খুব লম্বা সময়ব্যাপী হবে না। সুনির্দিষ্টভাবে সময় না বললেও জানা গেছে, কোনো অনুষ্ঠানই ৩০ মিনিট হবে না। সংক্ষিপ্ত অনুষ্ঠান শেষ হওয়া মাত্রই মাঠ দলগুলোর কাছে বুঝিয়ে দেওয়া হবে ওয়ার্মআপের জন্য। 

তবে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ নামে খ্যাত এই আসর কিছুটা হলেও রং হারিয়েছে ভিসা নিয়ে আয়োজক যুক্তরাষ্ট্রের নানা টালবাহানার কারণে। ইরান ফুটবল দলকে এক দিন করে ভিসা দেওয়া হয়েছে। মেক্সিকোতে আবাস গাড়া ইরান দলকে দিনে দিনে যুক্তরাষ্ট্র থেকে খেলে মেক্সিকোতে ফিরে যেতে হবে। ইরাকের এক ফুটবলারকে বিমানবন্দরে সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেনেগালের ফুটবলারদের মোজা পর্যন্ত খুলে লম্বা সময় চেকিং করা হয়েছে। আর আফ্রিকার সবচেয়ে সফল রেফারি সোমালিয়ার ওমর আরতান তো যুক্তরাষ্ট্রে প্রবেশই করতে পারেননি। যে কারণে বিশ্বকাপের অফিসিয়ালদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তাঁকে। ইরানের ফুটবল ফেডারেশন দাবি করেছে, তাদের জন্য বরাদ্দকৃত টিকিট বাতিল করেছে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন

×