ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

রোনালদোর গোল মিসের রাতেও হেসেখেলে জিতল পর্তুগাল

রোনালদোর গোল মিসের রাতেও হেসেখেলে জিতল পর্তুগাল
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৬ | ১০:৩৯

বিশ্বকাপের মহোৎসবে মাঠে নামার আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে পর্তুগাল। বুধবার (১০ জুন) পর্তুগালের লেইরিয়া শহরের ড. মাগালহায়েস পেসোয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নাইজেরিয়াকে ২-১ ব্যবধানে হারায় রবার্তো মার্তিনেজের শিষ্যরা। দল হেসেখেলে জিতলেও গোল না পাওয়ার আক্ষেপে পুড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করে গোলশূন্য মাঠ ছাড়তে হয়েছে তাকে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে পর্তুগাল। দলের হয়ে গোল দুটি করেন পেদ্রো নেতো ও ফ্রান্সিসকো কনসেইসাও। অন্যদিকে নাইজেরিয়ার একমাত্র গোলটি করেন আকোর অ্যাডামস।

নাইজেরিয়ার বিপক্ষে ১ ঘণ্টার বেশি সময় মাঠে ছিলেন রোনালদো। তবে সহজ সব সুযোগ মিস করায় গোলের দেখা পাননি তিনি। ৪১ বছর বয়সি এই তারকা দুইবার গোলকিপারকে একা পেয়েছিলেন। কিন্তু দুইবারই গোল করতে ব্যর্থ হন।

রোনালদো প্রথমার্ধেই গোলরক্ষকের মুখোমুখি হয়েও লক্ষ্যভ্রষ্ট হন। দ্বিতীয়ার্ধে বক্সের ভেতর আরও একটি সহজ সুযোগ পেয়েছিলেন। কিন্তু শট চলে যায় গোলবারের ওপর দিয়ে। সব মিলিয়ে চারটি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেননি পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী এই তারকা।

এদিন পর্তুগালের হয়ে ২৩ মিনিটে পেদ্রো নেতো প্রথম গোল করেন। এর ১৪ মিনিট পর আকোর অ্যাডামস গোল করে নাইজেরিয়াকে সমতায় ফেরান। ম্যাচের ৭৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামা ফ্রান্সিসকো কনসেইসাও পর্তুগালের জয়সূচক গোলটি করেন। তিনি ডান দিক থেকে ভেতরে ঢুকে দূরের পোস্টে একটি বাঁকানো শট নেন। সেই গোলেই জয় নিশ্চিত হয় পর্তুগালের।

এ নিয়ে টানা ২ জয়ে বিশ্বকাপের প্রস্তুতি শেষ করলো পর্তুগাল। আগামী ১৭ জুন কঙ্গো প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা। ‘কে’ গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ কলম্বিয়া ও উজবেকিস্তান।

আরও পড়ুন

×