তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো
ফের রেয়াল মাদ্রিদের কোচ হয়েছেন মরিনহো। ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ জুন ২০২৬ | ০১:৩৩ | আপডেট: ১২ জুন ২০২৬ | ০১:৩৫
জোসে মরিনহো যে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন, সেটা একরকম নিশ্চিত ছিল। বাকি ছিল স্রেফ আনুষ্ঠানিকতা। বিশ্বকাপ ডামাডোলের মাঝেই সেই আনুষ্ঠানিকতাও সারা হয়েছে। তিন বছরের চুক্তিতে স্প্যানিশ জায়ান্টদের দায়িত্ব নিয়েছেন ৬৩ বছর বয়সী পর্তুগিজ কোচ। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।
ওই বিবৃতিতে বলা হয়েছে, 'ফ্লোরেন্তিনো পেরেজের সভাপতিত্বে অনুষ্ঠিত রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত হয়েছে যে, জোসে মরিনহোকে আগামী তিন মৌসুমের জন্য, অর্থাৎ ৩০ জুন ২০২৯ পর্যন্ত, প্রথম দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হবে। প্রাক-মৌসুম প্রস্তুতি শুরু হওয়ার দিন ১৩ জুলাই তিনি দলের সঙ্গে যোগ দেবেন।'
এর আগে ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত তিন মৌসুম রিয়াল মাদ্রিদের ডাগআউট সামলেছেন মরিনহো। সেই সময় তাঁর অধীনে খেলা ১৭৮ ম্যাচের ১২৮টিতে জিতেছিল মাদ্রিদ। জিতেছিল লা লিগা ও কোপা দেল রের শিরোপা। তবে চ্যাম্পিয়নস লিগে মাদ্রিদকে সাফল্য এনে দিতে পারেননি তিনি।
মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর চেলসি, ম্যান ইউনাইটেড, টটেনহামসহ আরও কয়েকটি কয়েকটি ক্লাবের ড্রেসিংরুম সামলান। গত বছরের সেপ্টেম্বরে পর্তুগিজ ক্লাব বেনফিকার কোচ হিসেবে নিয়োগ পান তিনি। এদিকে পরপর দুই মৌসুম শিরোপাহীন থাকার পর আবারও মরিনহোর দ্বারস্থ হয় রিয়াল।
- বিষয় :
- রিয়াল মাদ্রিদ
- খেলা
- ফুটবল
- ফুটবল কোচ
