বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বাফুফে সভাপতি, স্বাক্ষী হলেন যে ঐতিহাসিক মুহূর্তের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ জুন ২০২৬ | ১০:১০ | আপডেট: ১২ জুন ২০২৬ | ১১:২৯
ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ও উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (১১ জুন) রাতে মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। ফিফার আমন্ত্রণে বিশ্বের বিভিন্ন দেশের ফুটবল ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিরাও উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।
এর আগে ১৯৭০ ও ১৯৮৬ ফুটবল বিশ্বকাপের স্বাগতিক দেশ ছিল মেক্সিকো। দীর্ঘ ৪ দশক পর আবারও বিশ্বকাপ আয়োজন করছে দেশটি। এবার মেক্সিকোর পাশাপাশি আমেরিকা ও কানাডা স্বাগতিক দেশ হিসেবে বিশ্বকাপ আয়োজনের কৃতিত্ব অর্জন করছে।
এদিকে বিশ্বকাপ ইতিহাসে অনন্য এক মাইলফলক স্পর্শ করেছে আজতেকা স্টেডিয়াম। মেক্সিকোর গত দুই বিশ্বকাপের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ হয়েছিল আজতেকা স্টেডিয়ামে। এবার তৃতীয়বারের মতো বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচও সেই ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে, যা বিশ্বকাপের ইতিহাসে প্রথম। একমাত্র ও প্রথম ভেন্যু হিসেবে তিনটি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের স্বাক্ষী হয়েছে স্টেডিয়ামটি।
স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার উদ্বোধনী ম্যাচ উপভোগের পাশাপাশি সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হন বাফুফের সভাপতি ও সাধারণ সম্পাদক।
জানা গেছে, মেক্সিকোতে বিশ্বকাপের আরও কয়েকটি ম্যাচ দেখার পরিকল্পনা রয়েছে তাবিথ আউয়ালের। মেক্সিকো সিটির পর তিনি গুয়াদালাহারায় একটি ম্যাচ উপভোগ করবেন এবং পরে যুক্তরাষ্ট্রেও কয়েকটি ম্যাচ দেখতে পারেন বলে জানা গেছে। তবে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার আগামী সপ্তাহেই দেশে ফিরবেন।
