নারী টি২০ বিশ্বকাপের যাত্রা আজ
ছবি- ক্রিকইনফো
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১২ জুন ২০২৬ | ১১:২১ | আপডেট: ১২ জুন ২০২৬ | ১১:৪১
একসঙ্গে দুই বিশ্বকাপের খুশি; উত্তর আমেরিকায় ফুটবল আর ইউরোপে ক্রিকেট। ফুটবলে পুরুষের বিশ্বকাপ, আর ক্রিকেটে নারীদের বিশ্বকাপ। ফুটবলের জনপ্রিয়তার সামনে ক্রিকেট যোজন যোজন পেছনে থাকলেও বিশ্বকাপের একটা আবেদন সব সময়ই থাকে। ফুটবল উপভোগ করার পাশাপাশি ক্রিকেট সমর্থকরা উপভোগ করবেন নারী টি২০ বিশ্বকাপ।
ইংল্যান্ডের বার্মিংহামে আজ পর্দা উঠবে দশম আসরের। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ঢাকার সময় বেলা সাড়ে ১১টায় শুরু হবে খেলা।
বাংলাদেশের খেলা শুরু ১৪ জুন। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবেন নিগার সুলতানা জ্যোতিরা। স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ডাচ নারী দলকে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপ ভেন্যু ইংল্যান্ডে তাঁবু ফেলেছেন মেয়েরা।
ইংল্যান্ডে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে হেরেছেন জ্যোতিরা। আয়ারল্যান্ডের বিপক্ষে ১১ রানে আর নিউজিল্যান্ডের কাছে ৬৮ রানে হেরেছে বাংলাদেশ। দলের সঙ্গে থাকা প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন জানান, প্রস্তুতি ম্যাচে হারলেও ভালো করার সম্ভাবনা রয়েছে মূল বিশ্বকাপে।
তিনি বলেন, ‘স্কটল্যান্ড ও ইংল্যান্ডের কন্ডিশনে কিছুটা পার্থক্য আছে। ইংলিশ কন্ডিশনের উইকেটগুলো ভালো থাকে। প্রস্তুতি ম্যাচ দিয়ে এখানে মানিয়ে নেওয়ার ব্যাপার ছিল। আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে কম্বিনেশন বেছে নেওয়া হয়েছে। বাংলাদেশ বার্মিংহামে প্র্যাকটিস করার সুযোগ পাব দুই দিন। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে ভালো করা উচিত।’
জ্যোতিরা যে দুটি দলকে হারাতে চান, তারা হলো নেদারল্যান্ডস ও পাকিস্তান। দক্ষিণ আফ্রিকা এবং ভারতকেও হারাতে চান তারা। টি২০ ক্রিকেটে তাদের বিপক্ষে ভালো করার রেকর্ড থাকায় এই প্রত্যাশা। বাংলাদেশ ১৭ জুন অস্ট্রেলিয়া, ২৫ জুন ভারত আর ২৮ জুন গ্রুপের শেষ ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ‘এ’ গ্রুপ। বি গ্রুপে খেলবে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, স্কটল্যান্ড, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ।
- বিষয় :
- নারী টি২০ বিশ্বকাপ
