চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ জুন ২০২৬ | ১৩:২৩ | আপডেট: ১২ জুন ২০২৬ | ১৩:৫৩
ব্রাজিলের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার এবং ১৯৭০ বিশ্বকাপজয়ী দলের সদস্য ব্রিতো আর নেই। বৃহস্পতিবার (১১ জুন) ৮৬ বছর বয়সে তার মৃত্যু হয়।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।
ব্রিতোর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সিবিএফ সভাপতি সামির জাউদ। এক শোকবার্তায় তিনি বলেন, ব্রিতো ছিলেন ব্রাজিলের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার। তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
ব্রাজিলের সোনালি প্রজন্মের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ব্রিতো। ১৯৬৪ থেকে ১৯৭২ সাল পর্যন্ত জাতীয় দলের জার্সিতে ৬১টি ম্যাচ খেলেছেন তিনি। ১৯৬৬ ও ১৯৭০—দুটি বিশ্বকাপেই ব্রাজিলের প্রতিনিধিত্ব করেন এই ডিফেন্ডার।
রক্ষণভাগে উইলসন পিয়াজার সঙ্গে তার জুটি ছিল সে সময়ের অন্যতম সেরা। এই জুটি সেই সময় ব্রাজিল দলের রক্ষণভাগকে অনেকটাই ভরসা দিত।
ব্রিতোর ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য ছিল ১৯৭০ বিশ্বকাপ জয়। মেক্সিকোয় অনুষ্ঠিত সেই আসরে ব্রাজিল তৃতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়। ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। এছাড়া ১৯৭১ সালে কোপা রোকা ও ১৯৭২ সালে তাসা ইন্ডিপেনডেন্সিয়া শিরোপা জয়ী দলেও ছিলেন ব্রিতো।
