ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

কানাডায় প্রবেশের অনুমতি পাননি ঘানার মিডফিল্ডার

কানাডায় প্রবেশের অনুমতি পাননি ঘানার মিডফিল্ডার
×

ঘানার তারকা মিডফিল্ডার টমাস পার্টি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৬ | ০৭:০১

উত্তর আমেরিকায় পর্দা উঠেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের ২৩তম আসরের। তবে মাঠের লড়াই শুরুর আগেই এক বড় ধাক্কা খেয়েছে আফ্রিকার প্রতিনিধি ঘানা। আইনি জটিলতার কারণে স্বাগতিক দেশ কানাডায় প্রবেশের অনুমতি পাননি দলটির তারকা মিডফিল্ডার টমাস পার্টি। ফলে টরন্টোয় পানামার বিপক্ষে ঘানার উদ্বোধনী ম্যাচে মাঠে নামা হচ্ছে না ৩২ বছর বয়সী এই অভিজ্ঞ ফুটবলারের।

টমাস পার্টির বিরুদ্ধে ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে চারজন ভিন্ন নারীর করা অভিযোগের ভিত্তিতে সাতটি ধর্ষণের চেষ্টা এবং একটি যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ রয়েছে। আগামী বছর আদালতে এই মামলার বিচারপ্রক্রিয়া শুরু হওয়ার কথা। যদিও শুরু থেকেই নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে আসছেন বর্তমানে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালে খেলা এই ফুটবলার।

তবে কানাডা সরকারের কঠোর ইমিগ্রেশন আইনের গ্যাঁড়াকলে পড়েছেন তিনি। দেশটির সরকারি ট্রাভেল গাইডলাইন অনুযায়ী, যদি কোনো ব্যক্তি অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকেন কিংবা তার বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ বা প্রমাণ থাকে, তবে তিনি কানাডায় প্রবেশের অনুপযুক্ত বলে বিবেচিত হবেন। এই নীতিমালার আলোকেই পার্টির ভিসার আবেদন প্রত্যাখ্যান করেছে কানাডিয়ান ইমিগ্রেশন বিভাগ।

এ বিষয়ে এক বিবৃতিতে ফিফা নিশ্চিত করেছে, কানাডা সরকার ভিসা না দেওয়ায় যুক্তরাষ্ট্রের বোস্টনে ঘানার জাতীয় দলের বেস ক্যাম্প থেকেই দলের সঙ্গে যোগ দিতে পারছেন না পার্টি। স্বাগতিক দেশের ইমিগ্রেশন প্রক্রিয়ায় কোনো প্রকার হস্তক্ষেপ করা হবে না জানিয়ে ফিফা পরিষ্কার বার্তায় বলেছে, স্বাগতিক দেশের সরকারই চূড়ান্তভাবে নির্ধারণ করে থাকে, কে ভিসা পাবে এবং কার সে দেশে প্রবেশের অনুমতি রয়েছে।

আগামী বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে টরন্টোয় পানামার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ঘানা। প্রথম ম্যাচে পার্টিকে না পাওয়া ঘানার কলম্বিয়ান কোচ কার্লোস কিরোসের জন্য বড় ধাক্কা। তবে টুর্নামেন্টে ঘানার পরবর্তী ম্যাচগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে হওয়ায় গ্রুপ পর্বের বাকি লড়াইয়ে খেলতে পার্টিকে কোনো বাধা পোহাতে হবে না। ‘এল’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ২৩ জুন বোস্টনে ইংল্যান্ডের মুখোমুখি হবে ঘানা। আর শেষ ম্যাচে ২৭ জুন ফিলাডেলফিয়ায় তারা খেলবে ক্রোয়েশিয়ার বিপক্ষে।

যৌথভাবে তিন দেশে আয়োজিত এবারের বিশ্বকাপে ভিসা নিয়ে বিতর্ক ও জটিলতার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে শিকাগো বিমানবন্দরে ইরাকি স্ট্রাইকার আইমেন হুসেইনকে ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর যুক্তরাষ্ট্রে ঢোকার অনুমতি দেওয়া হয়। ভূ-রাজনৈতিক কারণে ইরান দলকেও তাদের বেস ক্যাম্প যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোয় নিতে হয়েছে। এমনকি ইরান দলের ম্যানেজারসহ বেশ কয়েকজন কর্মকর্তাকে ভিসাই দেয়নি মার্কিন প্রশাসন। এ ছাড়া ‘সন্ত্রাসী সংগঠনের’ সঙ্গে যোগসূত্রের সন্দেহে সোমালিয়ার রেফারি ওমার আর্তানকেও যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেয়নি মার্কিন ইমিগ্রেশন।

আরও পড়ুন

×