‘নাঈম, আমরা তোমার পাশে আছি, মাথা উঁচু রাখো’
নাঈমকে মারধরের ঘটনায় সতীর্থদের ক্ষোভ
খুলশী থানায় নাঈম হাসান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ জুন ২০২৬ | ১৪:০২ | আপডেট: ১৩ জুন ২০২৬ | ১৪:২৫
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হেনস্তা ও মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন তার সতীর্থরা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। একইসঙ্গে তারা নাঈমকে ভেঙে না পড়ার আহ্বান জানিয়েছেন, দিয়েছেন পাশে থাকার বার্তা।
শুক্রবার রাতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলে চট্টগ্রাম গিয়েছিলেন নাঈম। সেখান থেকে বাসায় ফেরার পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে তুলে নিয়ে মারধর করে থানায় নিয়ে যান। এরপর নগরীর খুলশী থানায় গিয়েও হেনস্তার শিকার হয়েছেন জাতীয় দলের এই অফস্পিনার। নাঈম হাসানকে হেনস্তার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গেই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেটারদের সংগঠন কোয়াব। এবার সতীর্থদেরও পাশে পেলেন নাঈম।
বিসিবি সভাপতি তামিম ইকবাল তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে লিখেন, নাঈম হাসানের সঙ্গে গত রাতে যা হয়েছে, কোনোভাবেই তা গ্রহণযোগ্য নয়। রাতে নাঈম আমাকে ফোন করার পর থেকে তাৎক্ষণিকভাবে যা যা করা দরকার, করার চেষ্টা করেছি আমি ও অন্য বোর্ড পরিচালকরা। সংশ্লিষ্ট সব জায়গায় আমরা কথা বলছি, নাঈম ও তার পরিবারের সঙ্গেও নিবিড় যোগাযোগ রাখছি।
এ ঘটনায় দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিবির ভূমিকা নিয়ে তামিম বলেন, বিসিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছে আজকে সকালেই। এরপর আরো যা যা করণীয় আছে, সবকিছু করব আমরা। নাঈম ও সব ক্রিকেটারের পাশে আমরা আছি সবসময়।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মুশফিকুর রহিম লিখেছেন, নাঈমের সঙ্গে যা ঘটেছে, তা একেবারেই অগ্রহণযোগ্য। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। যা ঘটেছে, তা আমাকে ব্যথিত ও লজ্জিত করেছে। একজন নাগরিক হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে আমি এর তীব্র প্রতিবাদ জানাই। নাঈম, আমরা তোমার পাশে আছি।
বাংলাদেশ দলের পেসার তাসকিন ফেসবুক পোস্টে লিখেছেন, জাতীয় দলের ক্রিকেটার নাইম হাসানের সাথে পুলিশের এমন ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।
বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস সতীর্থকে সাহস জুগিয়ে লিখেন, মাথা উঁচু রাখো নাঈম। তুমি একজন চমৎকার মানুষ। নাঈম হাসানের সাথে যা ঘটেছে, তা অত্যন্ত উদ্বেগজনক এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তাকে এমন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে দেখাটা হৃদয়বিদারক। একজন সহকর্মী এবং সতীর্থ হিসেবে এই ঘটনায় আমি সত্যিই মর্মাহত।
লিটন আরও লিখেছেন, এই দেশের কোনো নাগরিকেরই এমন আচরণ প্রাপ্য নয়, বিশেষ করে একজন জাতীয় ক্রিকেটার যিনি গর্বের সাথে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। এই ঘটনায় সুষ্ঠু ও যথাযথ তদন্তের আশা করছি এবং যেন দ্রুততম সময়ের মধ্যে বিচার সম্পন্ন হয়।
এদিকে পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত এক উপপরিদর্শকসহ (এসআই) তিনজনকে ইতোমধ্যেই খুলশী থানা থেকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
