ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

এনড্রিক কেন বেঞ্চে? প্রশ্নবাণে জর্জরিত আনচেলত্তির চতুর জবাব

এনড্রিক কেন বেঞ্চে? প্রশ্নবাণে জর্জরিত আনচেলত্তির চতুর জবাব
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬ | ১২:০৫ | আপডেট: ১৪ জুন ২০২৬ | ১২:১৭

বিশ্বকাপে কোচ হিসেবে নিজের অভিষেক ম্যাচেই কিছুটা হোঁচট খেয়েছেন কার্লো আনচেলত্তি। নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে গ্রুপ ‘সি’এর হাইভোল্টেজ ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে তার দল ব্রাজিল। ম্যাচের পর দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্নবাণে জর্জরিত হয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।

প্রথমার্ধে অনেকটাই অগোছালো খেলেছে ব্রাজিল। আক্রমণের ধার বাড়াতে দ্বিতীয়ার্ধে মাথেউস কুনিয়া এবং লুইজ হেনরিখকে মাঠে নামান কোচ। যদিও পুরো ৯০ মিনিটে বেঞ্চেই বসে থাকতে হয়েছে ১৯ বছর বয়সী তরুণ বিস্ময় এনড্রিককে। যা নিয়ে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে প্রশ্নবাণে জর্জরিত হতে হয়েছে ব্রাজিল বসকে। 

সদ্য সমাপ্ত মৌসুমে ফরাসি ক্লাব লিঁওর হয়ে লিগ ওয়ানে ৮টি গোল ও ৮টি অ্যাসিস্ট করেছেন এনড্রিক। তাকে কেনো একাদশে বা বদলি হিসেবে নামানো হলো না এমন প্রশ্ন এড়িয়ে কৌশলী জবাব দেন আনচেলত্তি। ইতালিয়ান এই কোচ বলেন, ‘আমি ব্যক্তিগত কোনো খেলোয়াড়কে নিয়ে মন্তব্য করব না। আমি এখানে পুরো দলের পারফরম্যান্স নিয়ে কথা বলতে এসেছি।’

আনচেলত্তি প্রথম ম্যাচের স্নায়ুচাপের কথা উল্লেখ করে বলেন, ‘ম্যাচটি, বিশেষ করে প্রথমার্ধে আমাদের জন্য বেশ কঠিন ছিল। দল কিছুটা উদ্বেগের মধ্যে ছিল, আমরা প্রচুর বল পজেশন হারিয়েছি এবং মাঠে কোনো ভারসাম্য ছিল না। তবে দ্বিতীয়ার্ধে আমরা অনেক ভালো খেলেছি।’

খেলোয়াড়দের ওপর আস্থা রেখে সেলেসাওদের এই বস আরও যোগ করেন, ‘পরের ম্যাচে দলের পারফরম্যান্স আরও উন্নত হবে। প্রথম ম্যাচে অনেক ভুলভ্রান্তি হতেই পারে, তাই বলে আমাদের আত্মবিশ্বাস হারানো চলবে না। বিশ্বকাপের প্রথম ম্যাচে যেকোনো কিছু ঘটতে পারে, প্রথম ম্যাচেই কোনো দল নিখুঁত হয়ে ওঠে না।’

আগামী ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ব্রাজিলের পরবর্তী প্রতিপক্ষ হাইতি, যারা দীর্ঘ ৫২ বছর পর বিশ্বকাপে কোয়ালিফাই করে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ১-০ ব্যবধানে হেরেছে।

আরও পড়ুন

×