ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

ঢাকার চেয়েও ছোট দেশের বিশ্বকাপ স্বপ্ন, জার্মানির সামনে কুরাসাও

ঢাকার চেয়েও ছোট দেশের বিশ্বকাপ স্বপ্ন, জার্মানির সামনে কুরাসাও
×

কুরাসাও দ্বীপ। ছবি: সাস্টেইনেবল ট্রাভেল ইন্টারন্যাশনাল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬ | ২০:২৮ | আপডেট: ১৪ জুন ২০২৬ | ২১:২২

ফিফা ফুটবল বিশ্বকাপের এবারের আসর বসেছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। ৪৮ দলের এই বিশ্বকাপে জনসংখ্যা ও আয়তনের দিক দিয়ে সবচেয়ে ছোট দেশ হিসেবে জায়গা করে নিয়েছে দ্বীপরাষ্ট্র কুরাসাও। বাংলাদেশ সময় রোববার রাত ১১টায় নিজেদের ইতিহাসে প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলতে জার্মানির মুখোমুখি হবে দেশটি।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্যারিবিয়ান অঞ্চলে মাত্র ১ লাখ ৫৮ হাজার জনসংখ্যার দেশটির আয়তন ৪৪৪ বর্গকিলোমিটার। অর্থাৎ আয়তনের দিক থেকে কুরাসাও ঢাকা জেলার এক-তৃতীয়াংশেরও কম।

কুরাসাও এই দ্বীপরাষ্ট্রের একটি বিখ্যাত পানীয়র নাম। দেশ বলা হলেও এটি সম্পূর্ণ স্বাধীন নয়। কিংডম অব নেদারল্যান্ডসের অধীনে থাকা স্বায়ত্তশাসিত অঞ্চলটিতে ডাচদের ভাষা ও সংস্কৃতির প্রভাব গভীর। এমনকি কুরাসাওয়ের এবারের বিশ্বকাপ স্কোয়াডে মাত্র একজন খেলোয়ার এই দ্বীপে জন্মগ্রহণ করেছেন, যার নাম তাহিথ চং।বাকি ২৫ খেলোয়াড়ের সবাই মূল ভূখণ্ড নেদারল্যান্ডসের বাসিন্দা।

বিশ্বকাপে জার্মানি, ইকুয়েডর এবং আইভরি কোস্টের সঙ্গে কঠিন ‘ই’ গ্রুপে জায়গা পেয়েছে কুরাসাও। বাংলাদেশ সময় আজ রোববার রাত ১১টায় হিউস্টনে নিজেদের প্রথম ও অভিষেক ম্যাচে শক্তিশালী জার্মানির বিপক্ষে মাঠে নামবে দলটি।

দলের এই ঐতিহাসিক বিশ্বকাপ অভিষেকের সাক্ষী হতে হাজার হাজার ‘ব্লু ওয়েভ’ ভক্তের উপস্থিতি আশা করা হচ্ছে। এর মধ্যে অনেকেই দ্বীপ থেকে আসা বিশেষ চার্টার ফ্লাইটে সরাসরি খেলা দেখতে পৌঁছাবেন।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কুরাসাও দলের অধিনায়ক লিয়েন্দ্রো বাকুনা দলের লক্ষ্য ও একাগ্রতার কথা তুলে ধরেন। তিনি বলেন, 'মানুষ সব সময় আমাদের মজা করতে ও নাচতে দেখে। কিন্তু রেফারি বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে আমাদের মাথায় শুধু একটি জিনিসই থাকে— তা হলো ভালো ফল বের করে আনা।'

এই ম্যাচের মধ্য দিয়ে ফিফা বিশ্বকাপের ইতিহাসে নাম লেখাতে যাচ্ছে কুরাসাও নামের একটি দল। ডিক অ্যাডভোকেট ৭৮ বছর বয়সে দলটির ডাগআউটে দাঁড়িয়ে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক বস বা ম্যানেজার হওয়ার রেকর্ড গড়তে যাচ্ছেন।

আরও পড়ুন

×