জার্সি নিয়ে সালাহদের লজ্জা দিল ফিফা
সাত তারকা ও সোনালি রঙয়ে নম্বার লেখা জার্সি পরতে পারবে না মিশর। ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২৬ | ২১:১১ | আপডেট: ১৪ জুন ২০২৬ | ২২:০৪
জার্সিতে সাতটি তারকা চিহ্ন লাগিয়ে ফুটবল ম্যাচ খেলে মিশর। তবে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা কড়া ভাষায় জানিয়ে দিয়েছে, জার্সিতে কোন তারকা চিহ্ন রাখা যাবে না। কারণ মিশর কখনো বিশ্বকাপ জেতেনি। তারা খচিত জার্সি কেবল ওই দল পরবে যাদের দেশ বিশ্বকাপ জিতেছে।
ফারাহ খ্যাত মিশর জার্সিতে তারকা চিহ্ন রাখে অঞ্চলটির সর্বাধিক সাতটি আফ্রিকান কাপ অব নেশন্স জেতায়। ওই জার্সি বিশ্বকাপে না পরার নির্দেশনার বিষয়ে মিশরের ফুটবল অ্যাসোসিয়েশন বলেছে, ‘খেলোয়াড়দের যে জার্সি পরতে দেখা গেছে, তা রুটিন সেশনের অংশ। প্রকৃতঅর্থে ফিফা চার মাস আগেই আমাদের আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, জার্সিতে তারকা চিহ্ন রাখা যাবে না।’
এছাড়া মিশর তাদের খেলোয়াড়ের জার্সিতে সোনালি রঙয়ে নাম্বার লিখে থাকে। ফিফা আপত্তি জানিয়েছে সেখানেও। তাদের বলা হয়েছে, সাদা রঙ ব্যবহার করে সালাহ, মারমৌশদের জার্সি নাম্বার লিখতে। যাতে নাম্বার ঠিক মতো দৃশ্যমান হয়। বিষয়টি নিয়ে মিশরের ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, তাদের জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান পুমা বিষয়টি নিয়ে কাজ করছে।
ব্রাজিল সর্বাধিক পাঁচটি বিশ্বকাপ জেতায় তাদের জার্সিতে পাঁচ তারকা চিহ্ন থাকে। জার্মানির জার্সিতে থাকে চারটি। কাতার বিশ্বকাপ জেতা আর্জেন্টিনা খেলবে তিন তারকা সমৃদ্ধ জার্সি নিয়ে। শুধু দুটি বিশ্বকাপ জেতা উরুগুয়ের জার্সিতে থাকে চারটি তারকা। কারণ উরুগুয়ে ১৯২৪ ও ১৯২৮ সালের অলিম্পিক গোল্ড জয়ী দল। যেটা ছিল ফিফার আয়োজিত আসর।
- বিষয় :
- ফুটবল বিশ্বকাপ-২০২৬
- সালাহ
