চাপ কাটিয়ে নির্ভার স্কটিশ কোচ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ জুন ২০২৬ | ০৮:৩৮
অনেক স্বপ্ন নিয়েই ২৮ বছর পর প্রথম বিশ্বকাপ খেলতে এসেছে স্কটল্যান্ড। কিন্তু টুর্নামেন্টে একই গ্রুপে ব্রাজিল ও মরক্কো থাকায় কার্যত একটি ম্যাচেই জয়ের সুযোগ ছিল স্কটিশদের। হাইতির বিপক্ষে সেই সুযোগটি ভালোভাবেই কাজে লাগিয়েছেন কোচ স্টিভ ক্লার্কের শিষ্যরা। ১-০ গোলের জয়ে টুর্নামেন্টে ৩৬ বছরের জয়খরা কাটিয়েছে ‘দ্য টার্টান আর্মি’। বোস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচের পর টুর্নামেন্টের চাপ যেন একদম কাটিয়ে উঠেছেন স্টিভ ক্লার্ক।
সাত বছর আগে স্কটল্যান্ড কোচের দায়িত্ব পাওয়ার পরই একঝাঁক খেলোয়াড়কে নিজ হাতে গড়ে তুলেছেন ক্লার্ক। তাঁর হাত ধরেই ২৩ বছর পর প্রথমবারের মতো উয়েফা ইউরোতে সুযোগ করে নেয় স্কটল্যান্ড। এখানেই থেমে থাকেননি তিনি। দলকে দ্বিতীয়বারের মতো উয়েফা ইউরো টুর্নামেন্টে নিয়ে যাওয়ার পর আরও বড় স্বপ্ন পূরণের পথে হাঁটেন ক্লার্ক। দুই যুগেরও বেশি সময় ধরে বিশ্বকাপে অনুপস্থিত থাকা স্কটল্যান্ডকে ফুটবলের সর্বোচ্চ মঞ্চে টেনে তোলেন। এর পর লক্ষ্যটা আরও খানিকটা উঁচুতে টেনে নেন তিনি। টুর্নামেন্টের নকআউট পর্বে অংশগ্রহণ নিশ্চিত করা। এ কারণে হাইতির বিপক্ষে ম্যাচ থেকে পূর্ণ পয়েন্ট নিশ্চিত করতে চেয়েছিলেন ক্লার্ক। জন ম্যাকগিনের গোলে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়েন তাঁর শিষ্যরা। ম্যাসাচুসেটসের ফক্সবরোতে অনুষ্ঠিত ম্যাচের ২৮ মিনিটে বক্সের কাছ থেকে সতীর্থ চে অ্যাডামসের নেওয়া প্রচণ্ড গতির শট হাইতি গোলরক্ষক জনি প্লেসাইড কোনেক্রমে ঠেকিয়ে দিলেও বল রিবাউন্ড হয়ে ম্যাকগিনের পায়ে আসে। তাঁর জোরালো শট প্রতিপক্ষের জ্যঁ রিকেনার বেলগার্দের শরীর স্পর্শ করে জালে জড়ালে উল্লাসে ফেটে পড়ে স্কটল্যান্ড।
ম্যাচ শেষে স্কটল্যান্ড কোচ স্টিভ ক্লার্ক বলেন, ‘এই ছেলেরা জাতির জন্য সাত বছর ধরে দারুণ কিছু করে আসছে। বিশ্বকাপেও দেশের পক্ষে আরও একটি জয় ছিনিয়ে এনে এই ছেলেরা দারুণ উচ্ছ্বসিত, যেটা তাদের প্রাপ্য ছিল।’ ৬২ বছর বয়সী এই স্কটিশ কোচ আরও বলেন, ‘(টুর্নামেন্টে শক্ত গ্রুপে পড়ায়) প্রত্যেকেই বলাবলি করছিল, আসরে প্রথম ম্যাচটিতে আমাদের জিততেই হবে এবং আমরা সেটা জিতেছি। কার্যত আসরে টিকে থাকতে এই ম্যাচে জিততেই হতো এবং আমরা সেটা করেছি। বিশ্বকাপের পরের দুই ম্যাচ (মরক্কো ও ব্রাজিলের বিপক্ষে) আমাদের জন্য খুবই কঠিন হবে। আমাদের এমন প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে, যে দলগুলো বিশ্বের সেরা দশে রয়েছে। কিন্তু অবশ্যই আমি তাদের বিপক্ষে খানিকটা নির্ভার হয়েই মাঠে নামব। অন্তত এই ম্যাচে আমাদের ওপর যতটা প্রত্যাশার চাপ ছিল, পরের দুই ম্যাচে সেটা থাকবে না।’
একই দিন গ্রুপের অপর ম্যাচে ব্রাজিল ও মরক্কো ১-১ ব্যবধানে ড্র করায় ‘সি’ গ্রুপে শীর্ষে রয়েছে স্কটল্যান্ড। যারা পরের ম্যাচে শুক্রবার ম্যাসাচুসেটসের ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে মরক্কোর মুখোমুখি হবে।
- বিষয় :
- স্কটল্যান্ড
- হাইতি
- বিশ্বকাপ ফুটবল