৭ গোল খেয়েও ভেঙে পড়ার কারণ দেখছেন না কুরাসাও কোচ
ম্যাচ শেষে জার্মানির কোচ নাগেলসম্যানের সঙ্গে অ্যাডভোক্যাট
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ জুন ২০২৬ | ১৩:২২
বিশ্বকাপ অভিষেকেই জার্মানির মতো পরাশক্তির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হয়েছে কুরাসাও। তবে বড় হারের পরও খেলোয়াড়দের ভেঙে না পড়ার পরামর্শ দিয়েছেন দলটির ডাচ কোচ ডিক অ্যাডভোক্যাট। তার মতে, চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের কাছে এই হার কোনো লজ্জার নয়। বরং বিশ্বকাপে কুরাসাওয়ের এই যাত্রাকে উপভোগ করার এখনও অনেক সুযোগ রয়েছে।
ম্যাচ শেষে ৭৮ বছর বয়সী ডাচ কোচ বলেন, ‘আমরা জার্মানির বিপক্ষে আরও ভালো কিছু আশা করেছিলাম, কিন্তু তা সম্ভব হয়নি। তারা অত্যন্ত শক্তিশালী দল এবং আমরা কিছু সহজ গোল হজম করেছি। তবে এই হারে খেলোয়াড়দের মন খারাপ করার কোনো কারণ নেই, এটি কোনো অসম্মানের বিষয় নয়।’
খর্বশক্তির দল হয়েও জার্মানির বিপক্ষে যখনই সুযোগ পেয়েছে পাল্টা আক্রমণ করে কুরাসাও। ম্যাচ হারলেও গ্যালারিতে থাকা কুরাসাও সমর্থকদের সমর্থন ও উল্লাসের প্রশংসা করেছেন কোচ। অ্যাডভোক্যাট বলেন, ‘জাতীয় সঙ্গীতের সময় আমি আবেগ ধরে রাখতে না পেরে ডাগআউটে ফিরে গিয়েছিলাম। এই প্রাপ্তি কুরাসাওয়ের মানুষের আনন্দের সঙ্গে জড়িয়ে আছে। মানুষের এই উল্লাস সত্যিই অসাধারণ।’
প্রথম ম্যাচে বড় ধাক্কা খেলেও টুর্নামেন্টে এখনও ঘুরে দাঁড়ানোর আশা দেখছেন তিনি। গ্রুপ ‘ই’তে নিজেদের বাকি দুই ম্যাচে চমক দেখাতে চায় তার দল।
- বিষয় :
- জার্মানি
- কুরাসাও
- বিশ্বকাপ ফুটবল
