ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

শুধু আবেগ নয়, ভোজিনহার কান্নায় মিশে ছিল অনেক না পাওয়ার গল্পও

শুধু আবেগ নয়, ভোজিনহার কান্নায় মিশে ছিল অনেক না পাওয়ার গল্পও
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৬ | ১০:২৬ | আপডেট: ১৬ জুন ২০২৬ | ১০:২৭

এবারের বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার স্পেনের জয় আটকে দিয়ে ইতিহাস গড়েছে কেপ ভার্দে। বিশ্বকাপে নিজেদের অভিষেক ম্যাচেই অঘটন ঘটিয়ে দেওয়ার নায়ক আফ্রিকার ছোট্ট দেশটির ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনহা। আটলান্টায় ম্যাচজুড়ে একের পর এক আক্রমণ চালিয়েছে ইউরোপীয় ফুটবলের পরাশক্তি স্পেন। কিন্তু প্রতিবারই প্রাচীর হয়ে দাঁড়ান কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক।

স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের ম্যাচে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ভোজিনহা ম্যাচ শেষে আবেগ ধরে রাখতে পারেননি। শেষ বাঁশি বাজতেই হাঁটু গেড়ে বসে পড়েন তিনি। কিছুক্ষণ পর দু’হাত দিয়ে মুখ ঢেকে করেন কান্নাও। এমনকি ম্যাচসেরার পুরস্কার হাতে নেওয়ার সময়ও চোখের জল ফেলেন। ভোজিনহার সেই কান্না শুধু তার ব্যক্তিগত আবেগের বহিঃপ্রকাশ নয়। বরং এর মধ্যে লুকিয়ে আছে অনেক না পাওয়ার গল্পও।

কান্নার কারণ জানাতে গিয়ে আবেগঘন কণ্ঠে ভোজিনহা বলেন, ‘ম্যাচের পর আমি কেঁদেছিলাম। কারণ ছোটবেলায় আমি আমার দাদা-দাদির কাছে বড় হয়েছি। আজ তারা এখানে থাকতে পারেনি। কয়েক বছর আগে তারা মারা গেছেন। আমার মাও এখানে থাকতে পারেননি। ভিসা-সংক্রান্ত জটিলতা এবং প্রয়োজনীয় অর্থের অভাবে সময়মতো সবকিছু করা সম্ভব হয়নি।’

ভোজিনহার এই আবেগ ছুঁয়ে গেছে ফুটবলবিশ্বকেও। বিবিসির বিশ্লেষক ও সাবেক স্কটিশ উইঙ্গার প্যাট নেভিন বলেন, ‘পুরো ম্যাচে আলো ছড়িয়েছেন ভোজিনহা। ৪০ বছর বয়সে দাঁড়িয়ে মাঠে যা দেখালেন, তা অবিশ্বাস্য। ম্যাচ শেষে সব ক্যামেরা ছিল তার দিকে। সতীর্থরা আঙুল তুলে দেখিয়ে দিচ্ছিলেন তাদের প্রকৃত নায়ককে।’

সাবেক ইংলিশ ডিফেন্ডার লি ডিক্সনও প্রশংসায় ভাসিয়েছেন কেপ ভার্দের গোলরক্ষককে। তার ভাষায়, ‘আমি সত্যি আবেগপ্রবণ হয়ে পড়েছি। এই একটি পয়েন্ট কেপ ভার্দের প্রাপ্যই ছিল। আজকের রাতটা শুধু তাদের। ভোজিনহাকে কাঁদতে দেখে আমার নিজেরই কান্না চলে আসছিল।’

তবে মাঠের পারফরম্যান্সে এসব কষ্টকে ছাপিয়ে গেছেন ভোজিনহা। স্পেনের বিপক্ষে দুর্দান্ত নৈপুণ্যের পর বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের নজর কাড়েন তিনি। ম্যাচ শুরুর আগে তার ইনস্টাগ্রামে ফলোয়ার ছিল মাত্র ৫০ হাজার। এর কয়েক মিনিটের মধ্যেই তার অ্যাকাউন্টে যোগ হয় ৩ লাখেরও বেশি নতুন ফলোয়ার। ম্যাচের শেষ বাঁশি বাজার পর সেই স্রোত সুনামি রূপ নেয়। রাতারাতি তা ১১ লাখ পার করে বর্তমানে ৪৯ লাখে গিয়ে ঠেকেছে। কেপ ভার্দের মতো একটি ছোট দেশের খেলোয়াড়ের জন্য যা স্রেফ অবিশ্বাস্য।

ভোজিনহা বর্তমানে কোনো ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ নন। তবে ফুটবল বিশ্লেষকদের মতে, বিশ্বকাপের এই পারফরম্যান্স ধরে রাখতে পারলে শিগগিরই কোনো ক্লাব থেকে আকর্ষণীয় প্রস্তাব পেতে পারেন তিনি।

আরও পড়ুন

×