বাংলাদেশের তৈরি জার্সি পরে ইতিহাস গড়লো কেপ ভার্দে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২৬ | ১৩:০০ | আপডেট: ১৬ জুন ২০২৬ | ১৩:০১
বিশ্বকাপে নিজেদের অভিষেক ম্যাচেই শক্তিশালী স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে ইতিহাস গড়েছে নবাগত কেপ ভার্দে। বিশ্বমঞ্চে আফ্রিকার ছোট্ট দেশটির সেই ইতিহাসের সাথে নীরবে জড়িয়ে আছে বাংলাদেশের নামও। গতকাল আটলান্টায় স্পেনের বিপক্ষে কেপ ভার্দে যে জার্সি গায়ে খেলেছে সেটা বাংলাদেশের তৈরি।
জানা গেছে, কেপ ভার্দে জাতীয় দলের জার্সির কাপড় সরবরাহ করেছে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রতিষ্ঠান ইয়ঙ্গান কর্পোরেশন। আর পুরো দলের জার্সি তৈরি ও সেলাই হয়েছে রাজধানী ঢাকার কুড়িলে অবস্থিত স্পোর্টসওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠান কাপেলি স্পোর্টের নিজস্ব কারখানায়।
বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বিশ্ববাজারে অনেক আগেই শক্ত অবস্থান তৈরি করেছে। এবার স্পেনের বিপক্ষে কেপ ভার্দের ঐতিহাসিক ম্যাচটি বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সেই গৌরবকে নতুন করে সামনে নিয়ে এসেছে।
বিগত বছরগুলোতে স্পোর্টসওয়্যার উৎপাদনে বাংলাদেশের সক্ষমতা উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিভিন্ন নামিদামি ক্লাব ও জাতীয় দলের জার্সি উৎপাদনের সঙ্গে যুক্ত হচ্ছে স্থানীয় প্রতিষ্ঠানগুলো। বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে সরাসরি অংশগ্রহণ না থাকলেও জার্সি ও বিভিন্ন ক্রীড়া সামগ্রী উৎপাদনের মাধ্যমে দীর্ঘদিন ধরেই বৈশ্বিক ক্রীড়া শিল্পে ভূমিকা রেখে আসছে বাংলাদেশ।
এবারের বিশ্বকাপে শিরোপা জয়ের দৌড়ে স্পেনকে সবচেয়ে এগিয়ে রাখছেন কেউ কেউ। সেই স্পেনকে রুখে দিয়ে কেপ ভার্দে যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনি তাদের জার্সি তৈরির মাধ্যমে বাংলাদেশের তৈরি পোশাক খাতও আন্তর্জাতিক অঙ্গনে নতুন স্বীকৃতি পেয়েছে। কেপ ভার্দের এই ম্যাচ সময়ের সঙ্গে ম্লান হয়ে যেতে পারে। তবে বিশ্বমঞ্চে বাংলাদেশের এই নীরব উপস্থিতি দেশের শিল্প সক্ষমতার একটি শক্তিশালী উদাহরণ হয়ে থাকবে।
