পানামা পরীক্ষায় থমাস পার্টির আক্ষেপ ঘানার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২৬ | ১০:১০
ঘানার অধিনায়ক থমাস পার্টি। দলটির মিডফিল্ডের রক্ষাকবচ তিনি। তবে পানামার বিপক্ষে সাবেক এই অ্যাথলেটিকো মাদ্রিদ ও আর্সেনালের হয়ে খেলা অভিজ্ঞ তারকাকে পাচ্ছে না আফ্রিকার দলটি।
থমাস পার্টিকে না পাওয়ার কারণ ইনজুরি নয়, তিনি কানাডার ভিসা পাননি। তাঁর বিরুদ্ধে অভিযোগ গুরুতর। ইংল্যান্ডের আদালতে আগামী বছর ধর্ষণ অভিযোগের ট্রায়ালের মুখোমুখি হতে হবে তাঁকে। ঘানা ফুটবল ফেডারেশন বা ইংল্যান্ডের আদালতের কোনো বাধা না থাকলেও কানাডা তাঁকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে। অধিনায়ককে হারানোর এই ধাক্কা নিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপে অংশ নেওয়া পানামার বিপক্ষে বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৫টায় টরেন্টো স্টেডিয়ামে নামবে ব্ল্যাক স্টার্সরা।
অধিনায়ককে হারানোর ব্যথা ভালো মতোই টের পাচ্ছেন ঘানার পর্তুগিজ কোচ কার্লোস কুইরোজ, ‘আমাদের সময়ের বিরুদ্ধে, বাতাসের বিরুদ্ধে এগোতে হচ্ছে। যারা এখন দলে আছে, তারা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা আত্মবিশ্বাসী, যে লক্ষ্য নিয়ে এসেছি তা পূরণ করতে পারবো। আমাদের প্রথম লক্ষ্য পানামার বিপক্ষে ভালোভাবে শুরু করা।’
ফিফা র্যাঙ্কিং দিয়ে শক্তির বিচার করলে পানামা (৩৪) ‘এল’ গ্রুপের প্রতিপক্ষ ঘানার (৭৩) চেয়ে অনেক এগিয়ে। তবে বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা ও ফলাফলের বিচারে এগিয়ে আফ্রিকার প্রতিনিধি ঘানা। পানামা ২০১৮ সালে প্রথমবার বিশ্বকাপে খেলে কোনো ম্যাচ জিততে পারেনি। ঘানা ২০০৬ সালে বিশ্বকাপে এসে রাশিয়ার আসর (২০১৮) ছাড়া সব ক’টিতে জায়গা পেয়েছে।
এমনকি জার্মানিতে ২০০৬ আসরে নকআউট এবং দক্ষিণ আফ্রিকায় ২০১০ আসরে কোয়ার্টার ফাইনাল খেলে চমক দেখিয়েছিল তারা। পানামা আবার কন্ডিশনের কারণে সুবিধা পাবে। কনকাকাফ অঞ্চলের দেশটি কানাডা, যুক্তরাষ্ট্রে অনেক ম্যাচ খেলায় স্টেডিয়াম, গরম আবহাওয়ার সঙ্গে বেশ পরিচিত।
- বিষয় :
- থমাস পার্টি
- ঘানা
- পানামা
- ফুটবল বিশ্বকাপ-২০২৬
