আলজেরিয়ার গোলরক্ষক কেন কালো মাস্ক পরে খেলেছেন?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২৬ | ১২:৩২ | আপডেট: ১৭ জুন ২০২৬ | ১২:৫৭
ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদানের জায়গা হয়নি ফ্রান্সের জাতীয় দলে। আন্তর্জাতিক ফুটবলে জিদানপুত্র খেলছেন আলজেরিয়ার হয়ে। বুধবার আর্জেন্টিনার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে তিনিই সামলেছেন আলজেরিয়ার গোলপোস্ট। এদিন বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ৩-০ গোলে পরাজয়ের ম্যাচে সকলের নজর কেড়েছে জিদানপুত্রের মুখে থাকা কালো রঙের ফেস মাস্ক। লুকা কেন এই বিশেষ মুখোশ পরে খেলছেন, সেই প্রশ্ন হয়তো অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে।
লুকা জিদানের মুখে থাকা কালো মাস্কটি কোনো ফ্যাশন বা স্টাইল নয়। মুখের গুরুতর চোট থেকে সেরে ওঠার জন্যই মূলত তিনি এই বিশেষ মুখোশ ব্যবহার করছেন বলে জানা গেছে।
গত বছর আন্তর্জাতিক ফুটবলে আলজেরিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেন ২৮ বছর বয়সী লুকা জিদান। বর্তমানে তিনি স্পেনের ক্লাব গ্রানাদার গোলরক্ষক। তবে কয়েক মাস আগেও তার বিশ্বকাপ খেলার স্বপ্ন অনিশ্চিত হয়ে পড়েছিল।
চলতি বছরের এপ্রিলে গ্রানাদার হয়ে আলমেরিয়ার বিপক্ষে খেলতে গিয়ে ভয়াবহ সংঘর্ষে মুখে গুরুতর আঘাত পান লুকা। এতে তার চোয়াল ও থুতনির হাড় ভেঙে যায়। পাশাপাশি গুরুতর কনকাশনেও (মাথায় আঘাতজনিত সমস্যা) ভুগতে হয় তাকে। অস্ত্রোপচারের পর মৌসুমের বাকি সময় মাঠের বাইরে কাটান লুকা।
দীর্ঘ পুনর্বাসন শেষে বিশ্বকাপের আগে সুস্থ হয়ে ওঠেন তিনি। জায়গা পান আলজেরিয়ার বিশ্বকাপ দলেও। তবে চিকিৎসকদের পরামর্শে এখনও মাঠে নামার সময় বিশেষ সুরক্ষামূলক কালো ফেস মাস্ক ব্যবহার করছেন তিনি, যা মুখে নতুন করে আঘাত লাগার ঝুঁকি কমায়।
লুকা বিভিন্ন বয়সভিত্তিক দলে খেললেও বাবার মতো ফ্রান্সের সিনিয়র দলে জায়গা পাননি। পরে পিতৃসূত্রে পাওয়া যোগ্যতায় আলজেরিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেন। তার দাদা-দাদি ছিলেন আলজেরিয়ান। তবে মায়ের সূত্রে স্পেনের প্রতিনিধিত্ব করার সুযোগও ছিল তার সামনে।
বিশ্বকাপ শুরুর আগে নিজের শারীরিক অবস্থার বিষয়ে লুকা বলেছিলেন, ‘আমি এখন ভালো আছি, আর কোনো ব্যথা নেই। অস্ত্রোপচার সফল হয়েছে। পাঁচ সপ্তাহ পেরিয়ে গেছে। দুই সপ্তাহ আগে আবার মাঠে অনুশীলন শুরু করেছি। ফিরে আসতে পেরে আমি খুবই খুশি।
- বিষয় :
- আর্জেন্টিনা
- আলজেরিয়া
- ফুটবল বিশ্বকাপ-২০২৬
