ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

প্রতিপক্ষ নয়, বিশ্বকাপে জার্মানদের নতুন আতঙ্ক ‘কপারহেড’

প্রতিপক্ষ নয়, বিশ্বকাপে জার্মানদের নতুন আতঙ্ক ‘কপারহেড’
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬ | ১৫:২৫

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে উড়তে থাকা জার্মানির সামনে নতুন আতঙ্ক ভর করেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার উইনস্টন-সালেমে নিজেদের বেস ক্যাম্পে বিষধর সাপের দেখা পাওয়ায় আতঙ্কে দিন কাটছে জার্মানদের। এ নিয়ে রীতিমতো উদ্বেগের কথা জানিয়েছেন জার্মান অধিনায়ক জশুয়া কিমিখ।

এক সংবাদ সম্মেলনে জার্মান অধিনায়ক বলেন, ‘গতকালই আমরা আমাদের ক্যাম্পের ভেতর একটি সাপ দেখতে পাই। পরে আমাদের জানানো হয় যে সেটি বেশ বিষাক্ত ছিল। এর কামড় খেলে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ছুটতে হবে। এরপর থেকেই সবার মাঝে ভয় কাজ করছে।’জ

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, জার্মানরা তাদের অনুশীলন ক্যাম্পে যে সাপের মুখোমুখি হয়েছিলেন, সেটি ছিল মূলত ‌‘কপারহেড’। নর্থ ক্যারোলিনায় এই প্রজাতির বিষাক্ত সাপ প্রায়ই দেখা যায়। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা রাজ্যটি মূলত বিভিন্ন প্রজাতির সাপের জন্য পরিচিত। এই অঞ্চলে প্রায় ৩৭ প্রজাতির সাপের বসবাস রয়েছে বলে জানা যায়।

কিমিখ বলেন, ‘আমার মনে হয় না যে কামড় দিলে মানুষ মারা যাবে। তবে পরিস্থিতি যে অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে পারে তা নিশ্চিত।’

সাপের উপদ্রব নিয়ে ৩১ বছর বয়সী এই মিডফিল্ডার বলেন, ‘বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে সাধারণত নিজেদের কৌশল, ইনজুরি আর পরবর্তী প্রতিপক্ষ নিয়েই খেলোয়াড়দের ভাবনা থাকে। কিন্তু এখানে এসে মাঠের ঘাসে কী লুকিয়ে আছে, তা নিয়েও বাড়তি দুশ্চিন্তা করতে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘সাপটি যে বিষাক্ত ছিল তা জানার পর থেকেই পুরো দলের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, ফুটবলাররা মাঠে প্রতিটি কদম ফেলার আগে মাটির দিকে তাকিয়ে দেখছে সেখানে সাপ আছে কি না। ঘাসের ওপর অসাবধানতাবশত পা পড়ে গেলেই যে বিপদ হতে পারে, তা সবাই বুঝতে পারছে।’

বিশ্বকাপে জার্মানির পরের ম্যাচ আইভরি কোস্টের বিপক্ষে। আগামী ২১ জুন আইভরি কোস্টের মুখোমুখি হবে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। মাঠের লড়াইয়ের পাশাপাশি ক্যাম্পের বিষাক্ত সাপের উপদ্রব কীভাবে সামলানো যায়, সেটিই এখন জার্মানদের সামনে বড় পরীক্ষা।

আরও পড়ুন

×