অস্ট্রেলিয়ার কাছে একদিনে দুবার হারল বাংলাদেশ
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে বাংলাদেশ। ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২৬ | ২০:০৪
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ জয়ের স্মৃতি টাটকা থাকতে আজ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজের শুরুটা ভালো হয়নি তাওহীদ হৃদয়-তানজিদ তামিমদের। অস্ট্রেলিয়া ম্যাচটা জিতে নিয়েছে ৪ উইকেটে, একই সঙ্গে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে অজিরা।
চট্টগ্রামে আগে ব্যাটিংয়ে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইনিংসের এক ওভার বাকি থাকতে ১৩১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। রান তাড়ায় ইনিংসের ১০ বল হাতে রেখে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।
শুধু এ ম্যাচে নয়, আজ অস্ট্রেলিয়ার কাছে আরও একটি ম্যাচে হেরেছে বাংলাদেশ। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ওই ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। ছেলেদের দলের মতো নারী দলও রীতিমতো ব্যাটিং বিপর্যয়ে পড়ে। পুরো ২০ ওভার ব্যাটিং করে ৮ উইকেটে মোটে ৭৭ রানের সংগ্রহ পেয়েছিল। এ রান তাড়ায় খুব বেশি বেগ পেতে হয়নি অস্ট্রেলিয়াকে। ইনিংসের ৬৩ বল ও ৯ উইকেট হাতে রেখেই জিতে যায় অস্ট্রেলিয়া।
ছেলেদের ম্যাচে ফেরা যাক। চট্টগ্রামে টস জিতে আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ শুরু থেকেই সুবিধা করতে পারছিল না। ব্যাটিংয়ে বাংলাদেশ কতটা ধুঁকেছে, স্কোরবোর্ডের দিকে তাকালেও স্পষ্ট। দলের পক্ষে সর্বোচ্চ ২৯* রান করেছেন শেখ মেহেদী। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেছেন ওপেনার সাইফ হাসান। এর বাইরে ১০ রান পেরোতে পেরেছেন শুধু সৌম্য সরকার (১৭)। তাতে ধুঁকতে থাকা বাংলাদেশ অলআউট হওয়ার আগে কোনোমতে ১৩০ পেরিয়ে যায়।
রান তাড়ায় শুরুতে বিপদে পড়েছিল অস্ট্রেলিয়াও। দলকে ১৩ রানে রেখে বিদায় নেন ওপেনার জস ইংলিশ (৫)। আরেক ওপেনার মিচেল মার্শও ১৩ রানের বেশি করতে পারেননি। তবে তিনে নামা কুপার কনোলি এক প্রান্তে ঢাল হয়ে দাঁড়িয়ে অস্ট্রেলিয়াকে বিপদ থেকে রক্ষা করেন। একই সঙ্গে দলকে জয়ের দিকে নিয়ে যান। ইংলিশ ৪৭ রানে বিদায় নিলেও শেষ দিকে টিম ডেভিড (২০), ম্যাট রেনেশ (১৮) কিংবা নিখিল চৌধুরীদের (১৮) ছোট ছোট ইনিংসে সহজেই জয়ের দেখা পায় অস্ট্রেলিয়া।
ছেলেদের ম্যাচের চেয়ে মেয়েদের ম্যাচে অস্ট্রেলিয়ার জয়টা আরও সহজ ছিল। ৭৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ওপেনার বিথ মুনি ১০ রান করে আউট হলেও সেটা তেমন প্রভাব ফেলেনি আরেক ওপেনার জর্জিয়া ভোলের দুর্দান্ত ব্যাটিংয়ে। একপ্রান্তে ৩২ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন ভোল। সেই সঙ্গে তিনে নামা এলিসা পেরির অপরাজিত ১৯ রানে সহজেই জিতে যায় অস্ট্রেলিয়া।
- বিষয় :
- বাংলাদেশ ক্রিকেট দল
- অস্ট্রেলিয়া
- ক্রিকেট