শেষ মুহূর্তের গোলে পানামাকে স্তব্ধ করে ঘানার জয়
গোলের পর ঘানার ফুটবলারদের উল্লাস। ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৬ | ০৭:১১ | আপডেট: ১৮ জুন ২০২৬ | ০৭:৪৬
বিশ্বকাপে এর আগে কখনোই একে অন্যের মুখোমুখি হয়নি ঘানা ও পানামা। বিশ্বকাপ তো বটে, সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এটি ছিল দুদলের প্রথম ম্যাচ। টরন্টোতে বাংলাদেশ সময় আজ ভোরে হওয়া এ ম্যাচে পানামাকে ১-০ গোলে হারিয়েছে ঘানা। ম্যাচের শেষ মুহূর্তে ঘানার হয়ে একমাত্র গোলটি করেন ক্যালেব ইয়িরেঙ্কি।
ঘানার কাছে আজকের জয় বিশেষ তাৎপর্যপূর্ণ। পানামার বিপক্ষে ম্যাচে দলের অধিনায়ক থমাস পার্টিকে পায়নি ঘানা। চোট কিংবা শারীরিক অস্বস্তি নয়, পার্টি খেলতে পারেননি কানাডার ভিসা না পাওয়ায়! ঘানার অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আছে, যে কারণে আগামী বছর ট্রায়ালের মুখোমুখি হতে হবে তাঁকে। এ নিয়ে ঘানা ফুটবল ফেডারেশন কিংবা ইংল্যান্ডের আদালতের কোনো বাধা না থাকলেও পার্টিকে ভিসা দেয়নি কানাডা কর্তৃপক্ষ। অগত্যা অধিনায়ককে ছাড়াই খেলতে হয় ঘানাকে।
বাংলাদেশ সময় আজক ভোরে হওয়া ম্যাচে দুদলই আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে। বলের দখল থেকে শুরু করে আক্রমণ, সব জায়গাতেই ঢের এগিয়ে ছিল ফিফা র্যাঙ্কিংয়ে ৩৪ নম্বরে থাকা পানামা। ম্যাচের ৬২ শতাংশ বলের দখল রাখা পানামা শট নিয়েছিল ১২টি, যার ৪টি ছিল গোলমুখে। বিপরীতে র্যাঙ্কিংয়ে ৭৩ নম্বরে থাকা ঘানা ৭টি শট নিয়ে দুটি গোলমুখে রেখেছিল, এর একটিতে উদযাপনের উপলক্ষ্য পেয়ে যায় দলটি।
ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া গোলটি ঘানা পেয়েছে যোগ করা সময়ের শেষ দিকে। আক্রমণের শুরুটা ছিল অ্যান্থনি সেমেনিয়োর পা থেকে। মধ্যমাঠে বল পেয়ে বাঁপ্রান্তে থ্রু বাড়ান সেমেনিয়ো। দারুণ ক্ষিপ্রতায় সেটি নিয়ন্ত্রণে নেয়ে বাঁপ্রান্ত থেকে বক্সের দিকে মাটি কামড়ানো ক্রস করেন থমাস আসান্তে। সেই ক্রস থেকে জালে বল জড়ান ইয়িরেঙ্কি। গোল হতেই ঘানার সমর্থকেরা উল্লাসে ফেটে পড়েন। অন্যদিকে পানামার সমর্থকদের জন্য মুহূর্তটা ছিল ভীষণ হতাশার।
ইয়িরেঙ্কির গোলের আগ পর্যন্ত মনে হয়েছিল, ম্যাচটা বোধহয় গোল শূন্য ড্র-ই হতে যাচ্ছে। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের নির্ধারিত সময়েও গোল আদায় করতে পারেনি কোনো দল। শেষ পর্যন্ত যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ডেডলক ভাঙেন ইয়িরেঙ্কি। আর তাতে পূর্ণাঙ্গ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ঘানা।
- বিষয় :
- বিশ্বকাপ ফুটবল
- খেলা-ফুটবল
- ঘানা
- পানামা