উজবেকিস্তানের ‘অভিষেক’ রাঙাতে দিল না কলম্বিয়া
গোলের পর সতীর্থদের সঙ্গে লুইস দিয়াজের উদযাপন। ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৬ | ১০:১৫
এর আগে কখনোই বিশ্বকাপ খেলা হয়নি উজবেকিস্তানের। আজ বৃহস্পতিবার প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে খেলতে নামে মধ্য এশিয়ার দেশটি। তবে অভিষেক রাঙাতে পারেনি উজবেকিস্তান। কে গ্রুপের ম্যাচে কলম্বিয়ার কাছে ৩-১ ব্যবধানে হেরেছে ফ্যাবিও ক্যানভারোর দল।
ম্যাচে কলম্বিয়ার হয়ে গোল তিনটি করেছেন দানিয়েল মুনিওজ, লুইস দিয়াজ ও জেমিনটন ক্যাম্পাজ। অন্যদিকে উজবেকিস্তানের হয়ে একটি গোল শোধ দিয়েছেন ফাইজুল্লায়েভ। কলম্বিয়া-উজবেকিস্তান ম্যাচ দিয়েই গ্রুপ পর্বে সবগুলো দলের একটি করে ম্যাচ খেলা হলো।
মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে সকালে শুরু হওয়া এ ম্যাচে ফেবারিট ছিল কলম্বিয়া। নামে, ভারে কিংবা শক্তিতে উজবেকিস্তানের চেয়ে অনেকটা এগিয়ে থাকা ল্যাটিন আমেরিকার দেশটি ম্যাচেও ছড়ি ঘুরিয়েছে। বলের দখল তো ছিলই, টানা আক্রমণে ব্যস্ত রেখেছে উজবেকিস্তানের রক্ষণভাগ।
ম্যাচের ৪০ মিনিটে তেমনি একটি আক্রমণে এগিয়ে যায় কলম্বিয়া। লুইস দিয়াজের বাড়ানো বলে স্কোরলাইন ১-০ করেন মুনিওজ। ন্যূনতম ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় কলম্বিয়া।
দ্বিতীয়ার্ধেও একই গতিতে খেলতে থাকে কলম্বিয়া। তবে ৬০ মিনিটে স্রোতের বিপরীতে গোল পেয়ে যায় উজবেকিস্তান। ওই গোলে অবশ্য অবদান আছে কলম্বিয়ার গোলকিপার কামিলো ভার্গাসের। ঠিকঠাক মতো বল বিপদমুক্ত করতে পারেননি ভার্গাস, সেটা গোলমুখে পেয়ে সুযোগ কাজে লাগাতে ভুল করেননি ফাইজুল্লায়েভ। ম্যাচ তখন ১-১ সমতায়।
অবশ্য বেশিক্ষণ সমতা থাকেনি ম্যাচে। ৫ মিনিট যেতে না যেতেই আবারও এগিয়ে যায় কলম্বিয়া। এবার গোলের খাতায় নাম লেখান দিয়াজ। গুস্তাভো পুয়ের্তার পাসে বক্সে ঢুকে ডান পায়ের কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান দিয়াজ। গোল ঠেকাতে অবশ্য চেষ্টা চালিয়েছিলেন উজবেকিস্তান গোলকিপার। হতে বল লাগালেও বলের গন্তব্য ঠেকাতে পারেননি তিনি।
ম্যাচের যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে ব্যবধান আরও বাড়ায় কলম্বিয়া। এবার ডানপ্রান্ত থেকে বাড়ানো হুয়ান হার্নান্দেজের ক্রসে দারুণ এক হেডে স্কোরলাইন ৩-১ করেন জেমিনটন ক্যাম্পাজ।
- বিষয় :
- বিশ্বকাপ ফুটবল
- কলম্বিয়া
- খেলা-ফুটবল