ভুলে যাওয়ার মতো ম্যাচ খেলে মাথা উঁচু রাখতে বললেন রোনালদো
কঙ্গোর বিপক্ষে ম্যাচে রোনালদো ছিলেন নিষ্প্রভ। ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৬ | ১০:৫৬
ক্রিশ্চিয়ানো রোনালদোর গোল করার ক্ষমতা কিংবা দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু হঠাৎ কী যেন হয়েছে পর্তুগাল মহাতারকার। বড় টুর্নামেন্টে জাতীয় দলের জার্সি গায়ে জড়ালেই যেন গোল করা ভুলে যাচ্ছেন রোনালদো!
চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে গতকাল ডিআর কঙ্গোর মুখোমুখি হয়েছিল পর্তুগাল। রোনালদোর মলিন পারফরম্যান্সের দিনে কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রবার্তো মার্টিনেজের দল। এ নিয়ে বিশ্বকাপে টানা ৫ ম্যাচ গোলহীন থাকলেন রোনালদো। বিশ্বকাপের সঙ্গে ইউরো যোগ করলে, মেজর টুর্নামেন্টে টানা ১০ ম্যাচ ধরে গোলের দেখা পাচ্ছেন না পর্তুগাল কিংবদন্তি।
তবে সেসব নিয়ে আপাতত ভাবছেন না রোনালদো। ভুলে যাওয়ার মতো একটা ম্যাচ খেলার পর মাথা উঁচু রেখে পরের ম্যাচে মনোযোগ দেওয়ার প্রত্যয় জানিয়েছেন তিনি।
তা গতকাল কঙ্গোর বিপক্ষে ম্যাচে রোনালদো কেমন খেলেছেন? বলতে গেলে পুরো ম্যাচে রোনালদোকে খুঁজেই পাওয়া যায়নি। গোল করা তো দূরের কথা, বল-ই ঠিকঠাক পাচ্ছিলেন না রোনালদো। গতকাল পুরো ম্যাচে মোটে ২৫ বার বলে স্পর্শ করেছেন তিনি। পুরো ক্যারিয়ারে মেজর টুর্নামেন্টের যেসব ম্যাচে পুরো সময় খেলেছেন, বলে এত কম স্পর্শ আর কখনোই করেননি রোনালদো। এর বাইরে অন্তত দুটি সহজ সুযোগ হাতছাড়া করেছেন তিনি।
তবে এমন পারফরম্যান্স ভুলে যাওয়ারই ইঙ্গিত দিয়েছেন রোনালদো। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে রোনালদো লিখেছেন, 'শুরুটা আমাদের চাওয়া মতো হয়নি। তবে সবকিছু শেষ হয়ে যায়নি। মাথা উঁচু রাখো আর পরের ম্যাচে মনোযোগ দাও।'
উল্লেখ্য, আগামী মঙ্গলবার উজবেকিস্তানের সঙ্গে নিজেদের পরের ম্যাচ খেলবে পর্তুগাল।
- বিষয় :
- বিশ্বকাপ ফুটবল
- রোনালদো
- পর্তুগাল