বিশ্বকাপের মধ্যেই আরও এক ফুটবলারের দলবদল
ইব্রাহিমা কোনাতে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৬ | ১৯:০১
বিশ্বকাপের মধ্যে ক্লাব ফুটবলে দলবদল করলেন আরও এক ফুটবলার। আগামী ৪ বছরের জন্য রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি সই করেছেন ফ্রান্সের ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে। ২৭ বছর বয়সী কোনাতে ৩০ জুন পর্যন্ত লিভারপুলের সঙ্গে চুক্তিবদ্ধ আছেন। এরপরই তাকে দেখা যাবে রিয়াল মাদ্রিদের জার্সিতে।
ফ্রি টান্সফারে ইউরোপের সফলতম ক্লাবটিতে যোগ দিয়েছেন কোনাতে। ফ্রান্সের এই ডিফেন্ডারকে দলে ভেড়ানোর মধ্য দিয়ে নতুন মৌসুম শুরুর আগে রক্ষণভাগে আরও শক্তি বাড়াল রিয়াল মাদ্রিদ।
মাদ্রিদের ক্লাবটি বৃহস্পতিবার জানিয়েছে, ২০৩০ সালের জুন পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতে থাকবেন কোনাতে। আগামী মাসে রিয়াল মাদ্রিদ হোসে মরিনিহোর কোচিংয়ে তাদের নতুন মৌসুম শুরু করবে।
২০২১ সালে আরবি লাইপজিগ থেকে লিভারপুলে যোগ দেন কোনাতে। প্রিমিয়ার লিগের ক্লাবটির হয়ে ৫ মৌসুমে ১৮৩ ম্যাচ খেলেন তিনি। ২০২৪-২৫ মৌসুমে প্রিমিয়ার লিগে শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রক্ষণভাগের এই খেলোয়াড়। এছাড়া লিভারপুলের হয়ে দুটি লিগ কাপ, এফ এ কাপও জিতেছেন তিনি।
বর্তমানে দেশের হয়ে বিশ্বকাপের মঞ্চে খেলছেন ২৭ বছর বছর বয়সী এই ফরাসি ডিফেন্ডার। কিন্তু অ্যানফিল্ডে তাকে ধরে রাখতে পারেনি লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি নতুন চুক্তি করতে না পারায় ফ্রি ট্রান্সফারেই নির্ভরযোগ্য এই ডিফেন্ডারকে পেয়েছে হোসে মরিনহোর দল।
এর আগে বিশ্বকাপ চলাকালীন আরও দুই ফুটবলার ইতোমধ্যে দলবদল করেছেন। তাদের দুজনকেই দলের ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ। এর মধ্যে স্পেনের বিশ্বকাপ দলে থাকা চেলসির মার্ক কুকুরেয়া এবং পর্তুগালের জার্সিতে বিশ্বকাপ খেলা ম্যানচেস্টার সিটির বের্নার্দো সিলভাও লা লিগার ক্লাবটিতে নাম লিখিয়েছেন।
