চেকদের রুখে এবার কোরিয়া বধের হুঙ্কার দক্ষিণ আফ্রিকার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৬ | ০১:৩১ | আপডেট: ১৯ জুন ২০২৬ | ০১:৩৩
চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে নকআউট পর্বে যাওয়ার আশা কোনোমতে টিকিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা। গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়াকে হারিয়েই শেষ ১৬-তে যেতে চান দলটির কোচ হুগো ব্রুস।
ম্যাচ শেষে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে দক্ষিণ আফ্রিকার বেলজিয়ান কোচ হুগো ব্রুস বলেন, ‘মেক্সিকো ম্যাচের পর দলের এমন প্রতিক্রিয়া দেখে আমি সত্যিই আমার দলের ওপর অনেক গর্বিত। আমরা ভালো ফুটবল খেলেছি, মাঠে আক্রমণাত্মক ছিলাম এবং বেশ কিছু ভালো সুযোগ তৈরি করেছি। তবে বিশ্বমঞ্চে টিকে থাকতে হলে আপনার কিছুটা ভাগ্যেরও ছোঁয়া লাগে।’
ইউরোপের দলটির শারীরিক শক্তির প্রশংসা করে ব্রুস আরও বলেন, ‘’চেক প্রজাতন্ত্রের দলটি শারীরিকভাবে অত্যন্ত শক্তিশালী এবং তাদের খেলোয়াড়রা বেশ লম্বা। সেই তুলনায় আমাদের ছেলেরা আজ দারুণ খেলেছে। ম্যাচটি ১-১ ড্র হওয়াটা কিছুটা আক্ষেপের, তবে এখন আমাদের সবকিছু উজাড় করে দিতে হবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শেষ ম্যাচে, যা মোটেও সহজ হবে না। তবে আজকের ম্যাচে ছেলেরা যে মানসিকতা দেখিয়েছে, সেই একই মানসিকতা ধরে রাখতে পারলে দক্ষিণ কোরিয়াকে হারানো অবশ্যই সম্ভব।
ম্যাচের শুরুতে মিখাল সাদিলেকের দ্রুততম গোলে এগিয়ে যাওয়া চেক প্রজাতন্ত্র ৮২ মিনিট পর্যন্ত লিড ধরে রেখেছিল। তবে ৮৩ মিনিটে পাভেল শুলৎসের হ্যান্ডবলের কারণে ভাগ্যপ্রসূত এক পেনাল্টি পায় দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে তেবোহো মোকোয়েনার স্পট কিকে সমতায় ফেরে তারা।
গ্রুপ ‘এ’তে মেক্সিকো ও দক্ষিণ কোরিয়া ৩ পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে। আজ সকালে মুখোমুখি হচ্ছে এই দুই দল। এই ম্যাচে যে দলই জিতবে, তারা এক ম্যাচ হাতে রেখেই শেষ ১৬ নিশ্চিত করে ফেলবে। অন্য দিকে প্রথম দুই ম্যাচ শেষে চেক ও প্রোটিয়া, উভয় দলের কাছেই আছে মাত্র ১ পয়েন্ট।
