ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

১০ জনের বসনিয়াকে গোলবন্যায় ভাসাল সুইজারল্যান্ড

১০ জনের বসনিয়াকে গোলবন্যায় ভাসাল সুইজারল্যান্ড
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৬ | ০৩:০৬ | আপডেট: ১৯ জুন ২০২৬ | ০৩:০৯

প্রথমার্ধের গোলখরা আর ম্যাড়মেড়ে ফুটবলের পর দ্বিতীয়ার্ধের শেষ ১৫ মিনিটে দেখা মিলল আসল রোমাঞ্চের। এক লাল কার্ডেই ওলটপালট হয়ে গেল বসনিয়া ও হার্জেগোভিনার রক্ষণ। সেই সুযোগে শেষ মুহূর্তের গোলবন্যায় বসনিয়াকে ৪–১ ব্যবধানে গুঁড়িয়ে দিয়েছে সুইজারল্যান্ড। এই বড় জয়ে ২০২৬ বিশ্বকাপে গ্রুপ ‘বি’ থেকে ৪ পয়েন্ট নিয়ে নকআউটের পথে ভালোভাবেই টিকে রইল সুইসরা।

ম্যাচের প্রথমার্ধে দুই দলের কেউই চেনা ছন্দে ফুটবল খেলতে পারেনি। প্রথমার্ধ জুড়েই ছিল শুধু ফাউলের মহড়া আর ভুল পাস। দুই দল মিলে প্রথমার্ধে মোট ৪৯৭টি পাস খেললেও জালের ঠিকানা খুঁজে পায়নি কেউ। সুইজারল্যান্ড প্রথমার্ধে ৪টি শট নিয়ে মাত্র একটি অন-টার্গেটে রাখতে পেরেছিল। অন্যদিকে ৩ শটের একটি পোস্টে রাখতে পারে বসনিয়া। দুই দলের গোলরক্ষকই একটি করে সেভ করায় গোলশূন্য সমতা নিয়েই বিরতিতে যায় দুদল।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আক্রমণের ধার বাড়ায় সুইজারল্যান্ড। অবশেষে ম্যাচের ৭৪ মিনিটে বসনিয়ার দুর্ভেদ্য রক্ষণ দেয়াল ভাঙেন ইয়োহান মানজাম্বি। এক চোখধাঁধানো ভলিতে বল জালে জড়িয়ে সুইসদের ১-০ গোলে এগিয়ে নেন তিনি।

ম্যাচের টার্নিং পয়েন্ট আসে ৮০ মিনিটে। সুইজারল্যান্ডের ব্রিল এমবোলো একক নৈপুণ্যে বসনিয়ার ডি-বক্সে ঢুকে পড়লে তাকে থামাতে  ফাউল করে বসেন বসনিয়ান ডিফেন্ডার তারিক মুহারেমোভিচ। রেফারি কোনো দ্বিধা না করে সরাসরি লাল কার্ড দেখিয়ে মুহারেমোভিচকে মাঠছাড়া করেন।

১০ জনের দলে পরিণত হওয়ার খেসারত বসনিয়াকে দিতে হয়েছে চড়া সুদে। একজন কম থাকার সুযোগ নিয়ে বসনিয়ার ওপর টর্নেডো চালায় সুইসরা। ৮৪ মিনিটে দলের হয়ে ব্যবধান ২-০ করেন রুবেন ভারগাস। এর ঠিক ৬ মিনিট পর নিজের দ্বিতীয় ও দলের পক্ষে তৃতীয় গোলটি করে বসনিয়াকে ম্যাচ থেকে ছিটকে দেন সেই ইয়োহান মানজাম্বি। 

তবে ম্যাচের নাটকীয়তা তখনও বাকি ছিল। যোগ করা সময়ে সান্ত্বনা হিসেবে বসনিয়ার পক্ষে এক গোল শোধ করেন আমর মেমিচ। কিন্তু বসনিয়ার উল্লাসের আয়ু ছিল মাত্র কয়েক সেকেন্ড। ম্যাচের একদম শেষ বাঁশি বাজার ঠিক আগমুহূর্তে বসনিয়ার বক্সে ফাউল হলে পেনাল্টি পায় সুইজারল্যান্ড। স্পট থেকে গোল করেন সুইস অধিনায়ক গ্রানিত জাকা। বসনিয়ান গোলরক্ষক ভাসিল ঝাঁপ দিয়েও বলের গতি রুখতে পারেননি। শেষ পর্যন্ত ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সুইজারল্যান্ড।

আরও পড়ুন

×