ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

পয়েন্ট পেয়ে খুশি দক্ষিণ আফ্রিকা

পয়েন্ট পেয়ে খুশি দক্ষিণ আফ্রিকা
×

বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলায় চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে ৮৩ মিনিটে ভাগ্যের শিকে ছেঁড়ে পেনাল্টি গোলে সমতায় ফেরান তেবোহো মোকোয়েনা। গতকাল বৃহস্পতিবার আটলান্টা স্টেডিয়ামে - এএফপি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুন ২০২৬ | ০৯:৪৫

চেক প্রজাতন্ত্র এগিয়ে গিয়েছিল ম্যাচের ৬ মিনিটে। ঝলমলে শুরু সম্ভাবনা জাগিয়েছিল জয়ের। চেকিয়াদের সেই সম্ভাবনা মাঠে মারা গেছে দক্ষিণ আফ্রিকা অলআউট খেলায়। ফলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় উভয় দলকে। ১-১ গোলে ড্র হয় ম্যাচটি।

‘এ’ গ্রুপের এই ম্যাচটি নিয়ে ফুটবল সমর্থকদের মাঝে খুব বেশি আগ্রহ থাকার কথা না। গ্যালারিতেও উন্মাদনা ছিল কম। এ দুই মিনোসের লড়াই জমে উঠেছিল শেষ পর্যন্ত। প্রথমার্ধে চেকিয়ারা কিছুটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারলেও দ্বিতীয়ার্ধে একপেশে খেলেছে দক্ষিণ আফ্রিকা। প্রথমে গোল খেয়ে পিছিয়ে পড়লেও শেষপর্যন্ত ড্র করে মাঠ ছাড়ে। লড়াই করে বেশ কয়েকবার গোলের সম্ভাবনা জাগায় তারা। ৮৩ মিনিটে ভাগ্যের শিকে ছেঁড়ে পেনাল্টি গোলে। সমতায় ফেরান তেবোহো মোকোয়েনা। বাকি সময় গোলপোস্ট আগলে রেখে ড্র নিয়ে মাঠ ছাড়ে উভয় দল।

মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে ১১ জুন পর্দা উঠেছিল বিশ্বকাপের। স্বাগতিক মেক্সিকো নিজেদের মাঠে ম্যাচটি জিতেছিল ২-০ গোলে। চেক প্রজাতন্ত্রও হার দিয়ে শুরু করেছিল বিশ্বকাপ। এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়ার কাছে ২-১ গোলে হেরেছিল তারা। ওই ম্যাচেও প্রথমে গোল করে পরে দুই গোল হজম করেছে দলটি। তারা গতকাল মাঠে নেমেছিল পয়েন্টের খোঁজে। তারা তা পেয়েও গেছে। দক্ষিণ আফ্রিকা গ্রুপের শেষ ম্যাচ খেলবে কঠিন প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ২৫ জুন সকাল ৭টায়। একই দিন একই সময়ে মেক্সিকোর মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্র।

কাগজে কলমে ফেভারিট ইউরোপের দল চেকিয়ারা কাঙ্ক্ষিত মানের ফুটবল খেলতে পারছে না। মেক্সিকোর বিপক্ষেও দক্ষিণ আফ্রিকা খেলতে পারেনি সেরাটা। তবে গতকালের পারফরম্যান্সে দক্ষিণ আফ্রিকার কোচ হুগো ব্রুস খুশি, ‘আমি আমার দলকে নিয়ে খুবই গর্বিত। এটাই বাফানা বাফানা– আমরা ভালো ফুটবল ভালোবাসি, আমরা আক্রমণাত্মক, আমরা সুযোগ তৈরি করি। হ্যাঁ, আমরা ভুল করেছি, কিন্তু আজকের পারফরম্যান্স নিয়ে আমি খুব গর্বিত। চেকিয়ারা শক্তিশালী ও বেশ লম্বা। আমরা খুব ভালো খেলেছি। এটা কিছুটা হতাশার যে ১-১ গোলে শেষ হয়েছে। আমাদের দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জিততেই হবে, যেটা খুব কঠিন। আমরা এই মানসিকতা নিয়ে খেলতে পারলে একটা সম্ভাবনা তৈরি হতে পারে।’

চেকিয়া কোচ মিরোস্লাভ কোউবেকও খুশি খেলোয়াড়দের লড়াকু মানসিকতা দেখে, ‘এই পারফরম্যান্সকে ইতিবাচকভাবে দেখছি। আমি ছেলেদের কোনো কিছুর জন্য তিরস্কার করতে পারি না; বরং আমি তাদের প্রশংসা করতে পারি। তারা তাদের সর্বস্ব দিয়ে খেলেছে, কখনও কখনও সেটাই জয়ের চেয়ে বেশি মূল্যবান হতে পারে।’

আরও পড়ুন

×