ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দিয়াজের নৈপুণ্যে রঙিন কলম্বিয়া 

দিয়াজের নৈপুণ্যে রঙিন কলম্বিয়া 
×

উজবেকিস্তানের বিপক্ষে বল নিয়ে এগিয়ে যাচ্ছেন লুইস দিয়াজ - এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৬ | ১০:১৬

বায়ার্ন মিউনিখ তারকা লুই দিয়াজের নৈপুণ্যে বিশ্বকাপে প্রত্যাবর্তনটা জয়ে রাঙিয়েছে কলম্বিয়া। গত বুধবার রাতে মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে ‘কে’ গ্রুপের লড়াইয়ে কলম্বিয়া ৩-১ গোলে উড়িয়ে দেয় টুর্নামেন্টে অভিষেক হওয়া উজবেকিস্তানকে। প্রথমার্ধে ড্যানিয়েল মুনোজের করা গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে দিয়াজ ও হ্যামিন্টন ক্যাম্পেজের গোলে পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে কলম্বিয়া। 

গ্যালারিভরা দর্শকের সমর্থনে উজ্জীবিত কলম্বিয়া শুরু থেকেই ম্যাচে আধিপত্য প্রতিষ্ঠা করে। গোলের জন্য মরিয়া হয়ে ওঠা কলম্বিয়াকে প্রথমার্ধের প্রায় শেষ পর্যন্ত অপেক্ষায় রাখে এশিয়ান দলটি। ১৭ মিনিটে মিডফিল্ডার জন আরিয়াসের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৩২ মিনিটে দিয়াজের শটও প্রতিপক্ষে গোলপোস্টের ঠিকানা খুঁজে পায়নি। অবশেষে বিরতির কয়েক মিনিট আগে গোলের দেখা পায় কলম্বিয়া। আনমার্কড দিয়াজের বানিয়ে দেওয়া বলে বক্স থেকে নিশানা ভেদ করেন ক্রিস্টাল প্যালেসের ডিফেন্ডার মুনোজ।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে উজবেকিস্তান। অভিষেকটি স্মরণীয় করে রাখতে চেষ্টার কমতি রাখেনি ‘হোয়াইট উলভস’খ্যাত দলটি। লাতিন দলটির কাছে নতিস্বীকার করতে না চাওয়া উজবেকিস্তান কিছু সময়ের জন্য ম্যাচে সমতায়ও ফিরেছিল। ৬০ মিনিটে দস্তনবেগ খামদামভের ভলি থেকে বল পেয়ে বাঁ প্রান্ত থেকে এলদার সমুরদোভের ক্রসে পোস্টের সামনে থেকে দুর্দান্ত হেডে জাল কাঁপান ফয়জুল্লায়েভ (১-১)। তবে উজবেক শিবিরের এই উল্লাসের স্থায়িত্ব ছিল মাত্র ৫ মিনিট। ৩ পয়েন্ট তুলে নিতে সময় ক্ষেপণ না করে আবার আক্রমণে ঢেউ সৃষ্টি করে কলম্বিয়া। দ্রুতই দ্বিতীয় গোলের দেখা পায় লাতিন দলটি। এবার গুস্তাভো পুয়ের্তার বাড়িয়ে দেওয়া বলে নিশানা ভেদ করেন দিয়াজ।

ম্যাচের অন্তিম মুহূর্তে কলম্বিয়ার পক্ষে ব্যবধান বাড়ান বদলি খেলোয়াড় ক্যাম্পেজ। অতিরিক্ত সময়ের ৯ মিনিটে কুচো হার্নান্দেজের ক্রস থেকে দুর্দান্ত হেডে উজবেক গোলরক্ষক উতকির ইউসুপভকে পরাস্ত করেন। এতে পরিষ্কার ব্যবধান গড়েই জয় নিয়ে মাঠ ছাড়েন কোচ নেস্টোর লরেঞ্জোর শিষ্যরা। একই দিন গ্রুপের অন্য ম্যাচের পর্তুগাল কঙ্গো সঙ্গে ড্র করায় পয়েন্ট টেবিলে শীর্ষে জায়গা করে নিয়েছে লাতিন আমেরিকান দলটি।

ম্যাচ শেষে দলের পারফরম্যান্সে উচ্ছ্বাস জানিয়ে জয়ের নায়ক লুই দিয়াজ বলেন, ‘ছোটবেলা থেকেই জাতীয় দলের জার্সি গায়ে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখে এসেছি, আজ সেটা সত্যি হয়েছে। ম্যাচে এক গোল করে এবং অন্য গোলে অ্যাসিস্ট করে দলের জয়ে অবদান রাখতে পেরে আমি সত্যিই খুশি। আমাদের দলের খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া বেশ ভালো এবং আমরা পরবর্তী ম্যাচগুলোতে আরও ভালো করার চেষ্টা অব্যাহত রাখব।’

আরও পড়ুন

×