‘ঘানা বীরের মতো খেলেই জিতেছে’
পানামার বিপক্ষে নাটকীয় জয়ের পর ঘানার উদযাপন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৬ | ১০:৩৮ | আপডেট: ১৯ জুন ২০২৬ | ১০:৩৯
কানাডার টরন্টোতে বৃষ্টিভেজা রাতে পানামার বিপক্ষে নাটকীয় জয় পেয়েছে ঘানা। বুধবার ‘এল’ গ্রুপের ম্যাচে ক্যালেব ইরেনকিইর করা অতিরিক্ত সময়ের গোলে ৩ পয়েন্ট তুলে নেয় আফ্রিকার দলটি। এ জয়ে ২০১০ সালের বিশ্বকাপের পর আবার নকআউট পর্বে ওঠার সম্ভাবনা সৃষ্টি করেছে ঘানা। দলের এমন পারফরম্যান্সে মুগ্ধ কোচ কার্লোস কুইরোজ বলেছেন, বীরের মতো খেলে ম্যাচে জয় তুলে নিয়েছে ঘানা।
ম্যাচের শুরুতেই অবশ্য ঘানাকে বিপদ থেকে বাঁচান গোলরক্ষক লরেন্স আতি জিগি। দ্বিতীয় মিনিটে পানামার সেসিলিয়ো ওয়াটারম্যানের ভলি ডান দিকে ঝাঁপিয়ে রুখে দেন তিনি। অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে নিজেদের অর্ধ থেকে দ্রুত বল কেড়ে নিয়ে দুরন্ত কাউন্টার অ্যাটাক গড়ে তোলে ঘানা। বাঁ প্রান্ত দিয়ে দৌড়ে পানামার বক্সে ঢুকে পড়েন ব্র্যান্ডন টমাস আসান্তে। তাঁর নিখুঁত পাসে পোস্টের সামনে বল পেয়ে টোকা দিয়ে জালে জড়িয়ে দেন ইরেনকিই।
ম্যাচ শেষে ঘানার পর্তুগাল কোচ কুইরোজ বলেন, ‘আমরা আজ বীরের মতোই লড়েছি। ম্যাচে ছেলেরা যে পারফরম্যান্স দেখিয়েছে, তাতে ঘানা এ আসরে কিছু করে দেখাতে পারে।’
তিনি আরও বলেন, ‘আমরা বুদ্ধিমত্তা দিয়েই ম্যাচে জয় ছিনিয়ে এনেছি। প্রথমত, বড় প্রতিপক্ষের বিপক্ষে লড়াইয়ে আমাদের ভুগতেই হতো। কিন্তু ছেলেরা জানে কীভাবে খেলতে হবে। আমরা জানতাম প্রতিপক্ষ আমাদের ওপর আধিপত্য বিস্তার করে খেলবে। আমরা প্রথমার্ধে খুব ভালো করিনি এবং গোলের ক্ষুধাও ছিল না। আমাদের কৌশল ছিল, প্রতিপক্ষের খেলোয়াড়দের আমাদের অর্ধে টেনে আনা এবং পাল্টা আক্রমণ থেকে গোল বের করে আনা।’
- বিষয় :
- ঘানা
- পানামা
- ফুটবল বিশ্বকাপ-২০২৬