অবশেষে কানাডায় প্রবেশের অনুমতি পেলেন ওয়াহি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৬ | ১২:৩৩
স্পট-ফিক্সিং ও অর্থপাচারের মতো অভিযোগে তদন্তের মুখে থাকা আইভরি কোস্টের ফরোয়ার্ড এলিয়ে ওয়াহি কানাডার ভিসা পেয়েছেন। এর ফলে আগামী শনিবার জার্মানির বিপক্ষে দলের সঙ্গে থাকতে আর কোনো বাধা নেই তার। আইভরি কোস্ট ফুটবল ফেডারেশন (এফআইএফ) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে, আইনি জটিলতার কারণে ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের কানাডায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কানাডার অভিবাসন কর্তৃপক্ষ শুরুতে ওয়াহির ভিসা অনুমোদনে অনীহা প্রকাশ করে এবং তার বিরুদ্ধে চলমান আইনি পরিস্থিতি নিয়ে অতিরিক্ত নথিপত্র চেয়ে পাঠায়। পরবর্তীতে সমস্ত তথ্য যাচাই-বাছাই শেষে অবশেষে তাকে কানাডায় প্রবেশের প্রয়োজনীয় অনুমোদন দেওয়া হয়।
গত মাসে ফ্রান্সের শীর্ষ লিগ ‘লিগ ওয়ান’এ স্পট-ফিক্সিংয়ের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হয়েছিল এই ফরোয়ার্ডকে। ফরাসি ফুটবল লিগ জানায়, মে মাসে নিসের হয়ে মেত্জের বিপক্ষে ম্যাচে ওয়াহি ইচ্ছাকৃতভাবে একটি হলুদ কার্ড দেখেছিলেন বলে অভিযোগ রয়েছে। ওই ঘটনার পর বেটিং মার্কেটে অস্বাভাবিক লেনদেন ধরা পড়লে বিষয়টি তদন্তের আওতায় আসে।
বর্তমানে মার্সেই প্রসিকিউটরের কার্যালয় ওয়াহির বিরুদ্ধে সংগঠিত জালিয়াতি, ক্রীড়া দুর্নীতি, অপরাধলব্ধ অর্থ গ্রহণ ও অর্থপাচারের মতো গুরুতর অভিযোগে তদন্ত চালাচ্ছে। অবশ্য পুলিশি জিজ্ঞাসাবাদের পর তাকে মুক্তি দেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ গঠন করা হয়নি।
আইভরি কোস্ট ফুটবল ফেডারেশন জানিয়েছে, ওয়াহির বিরুদ্ধে কোনো বিচারিক বা প্রশাসনিক প্রক্রিয়ার বিষয়ে তাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে ভিসা জটিলতা কেটে যাওয়ায় তিনি স্বাভাবিকভাবেই জাতীয় দলের হয়ে টুর্নামেন্টে অংশ নিতে পারবেন।
- বিষয় :
- কানাডা
- আইভরি কোস্ট
- বিশ্বকাপ ফুটবল
