ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

কুনহা-ভিনির গোলে ৩-০তে এগিয়ে বিরতিতে ব্রাজিল

কুনহা-ভিনির গোলে ৩-০তে এগিয়ে বিরতিতে ব্রাজিল
×

ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬ | ০৭:৩৩

হাইতিকে বড় ব্যবধানে হারিয়ে মরক্কোকে টপকে যাওয়ার লক্ষ্য ব্রাজিলের। ফিলাডেলফিয়ার মাঠে সেই লক্ষ্যেই যেন খেলছে সেলেসাওরা। প্রথমার্ধেই হাইতির রক্ষণভাগকে স্রেফ খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছে কার্লো আনচেলত্তির দল। মাতেউস কুনহার জোড়া গোল এবং প্রথমার্ধের শেষ মুহূর্তে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গেছে সেলেসাওরা।

ম্যাচের শুরু থেকেই হাইতিকে চেপে ধরে ব্রাজিল। ১৩ মিনিটে দানিলোর পাস ধরে বক্সে ঢুকে বুলেট গতির শটে বল জালে পাঠিয়েছিলেন রাফিনহা। স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়লেও লাইন্সম্যান অফসাইডের পতাকা তোলায় রেফারি গোলটি বাতিল করেন। এর ঠিক ৯ মিনিট পর আবারও গোলকিপারকে একা পেয়েও লক্ষ্যে শট রাখতে পারেননি বার্সেলোনা তারকা। অবশ্য এবারও তিনি অফসাইড পজিশনেই ছিলেন।

তবে কাঙ্ক্ষিত গোলের জন্য ব্রাজিলকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ঠিক পরের মিনিটেই এলোমেলো হয়ে পড়ে হাইতির রক্ষণভাগ। ভিনিসিয়ুস জুনিয়রের থেকে বল পেয়ে হাইতির গোলমুখে ঠেলে দেন কুনহা। বলটি প্রথমে হাইতিয়ান ডিফেন্ডার ডেলক্রোয়ার গায়ে লেগে দিক পরিবর্তন করে এবং পরে কুনহার শরীরে লেগে জালে জড়ালে ১-০ তে এগিয়ে যায় ব্রাজিল।

প্রথম গোলের পর আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। যার ফলশ্রুতিতে ৩৬ মিনিটে আবারও হাইতির জাল কাঁপান কুনহা। ভিনিসিয়ুসের  পাস থেকে বল ধরে ডি-বক্সে ঢুকে পড়েন এই স্ট্রাইকার। এরপর কোনাকুনি শটে বল জালে জড়িয়ে নিজের জোড়া গোল পূরণ করেন তিনি। 

ব্রাজিলিয়ান সাম্বার আসল প্রদর্শনী তখনও বাকি ছিল প্রথমার্ধের ইনজুরি টাইমে। মাঝমাঠ থেকে লুকাস পাকুয়েতা হাইতির ডিফেন্সের ওপর দিয়ে বল ভাসিয়ে দেন ডি-বক্সে। সেখানে ওঁৎ পেতে থাকা ভিনিসিয়ুস জুনিয়র বলের নিয়ন্ত্রণ নিয়ে হাইতিয়ান গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়ান। চলতি বিশ্বকাপে এটি রিয়াল মাদ্রিদ তারকার দ্বিতীয় গোল। ভিনি-কুনহাদের এই ত্রিমুখী আক্রমণে প্রথমার্ধেই ম্যাচের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

আরও পড়ুন

×