ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

গোলবন্যার বিশ্বমঞ্চে জার্মানিকে ছাড়াল সেলেসাওরা

গোলবন্যার বিশ্বমঞ্চে জার্মানিকে ছাড়াল সেলেসাওরা
×

ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬ | ০৯:২৮

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটি নিজেদের সম্পত্তিই বানিয়ে ফেলেছিল ব্রাজিল। তবে চলতি আসরের শুরুর দিকে কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়ে সাময়িকভাবে সেই রেকর্ড নিজেদের করে নিয়েছিল জার্মানি। জার্মানির সেই ‘গোলরাজত্ব’ বেশিদিন স্থায়ী হতে দিল না সেলেসাওরা। হাইতির বিপক্ষে ৩-০ গোলের বড় জয়ে আবারও বিশ্বকাপের সর্বোচ্চ গোলের সিংহাসন পুনরুদ্ধার করেছেন ভিনিসিয়ুসদের ব্রাজিল।

ফিলাডেলফিয়ার মাঠে হাইতির বিপক্ষে ম্যাচে মাতেউস কুনহার জোড়া গোল এবং ভিনিসিয়ুস জুনিয়রের গোলে এই উচ্চতায় পৌঁছায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। হাইতি বধের পর বিশ্বকাপ ইতিহাসের মঞ্চে ব্রাজিলের মোট গোলসংখ্যা এখন দাঁড়িয়েছে ২৪১-এ। এর মাধ্যমে ২৩৯ গোল করা জার্মানিকে পেছনে ফেলে আবারও শীর্ষে লাতিন আমেরিকার পরাশক্তিরা।

চলমান বিশ্বকাপে ব্রাজিল ও জার্মানির গোল-লড়াই আরও জমজমাট রূপ নিতে পারে। তবে তালিকার তৃতীয় স্থানে থাকা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গে ব্রাজিল-জার্মানির ব্যবধানটা আকাশচুম্বী। ফলে চলতি আসরে এই শীর্ষস্থান পরিবর্তনের কোনো ভাবনাই নেই আলবিসেলেস্তেদের। আলজেরিয়ার বিপক্ষে ফুটবল জাদুকর লিওনেল মেসির চোখধাঁধানো হ্যাটট্রিকের পরও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মোট বিশ্বকাপ গোলসংখ্যা এখন ১৫৫।

একনজরে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোল করা দলগুলোর তালিকা-

১. ব্রাজিল: ২৪১ গোল
২. জার্মানি: ২৩৯ গোল
৩. আর্জেন্টিনা: ১৫৫ গোল
৪. ফ্রান্স: ১৩৯ গোল
৫. ইতালি: ১২৮ গোল
৬. স্পেন: ১০৮ গোল
৭. ইংল্যান্ড: ১০৮ গোল
৮. নেদারল্যান্ডস: ৯৮ গোল
৯. উরুগুয়ে: ৯০ গোল
১০. হাঙ্গেরি: ৮৭ গোল

আরও পড়ুন

×