সুইডেন-নেদারল্যান্ডস
হিউস্টনে শূন্যে বল দখলের লড়াই
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৬ | ০৯:৫৬
যুদ্ধের নানা ধরন আছে। একসময় অস্ত্র হাতে মুখোমুখি যুদ্ধ হতো। পরে তা আগ্নেয়াস্ত্র হাতে সম্মুখযুদ্ধে পরিণত হয়। সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্র আকাশপথে মিসাইল যুদ্ধ দেখিয়েছে। ফুটবলেও দলভেদে যুদ্ধের ধরন আলাদা। কেউ শরীরে শরীর লাগিয়ে, কেউ ‘তিকিতাকার’ ছকে দূরত্ব বজায় রেখে লড়াই করে। শনিবার (আজ) বাংলাদেশ সময় সকাল ১১টায় টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে অবস্থিত হিউস্টন স্টেডিয়ামে ‘এফ’ গ্রুপে নেদারল্যান্ডস ও সুইডেনের মহারণ যেমন বাতাসের বলের। ওই লড়াইয়ের জয়ী দলের পক্ষে যেতে পারে ম্যাচের ফল।
বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা, তারকাসমৃদ্ধ খেলোয়াড়, র্যাঙ্কিংয়ের হিসাবে সুইডেনের চেয়ে অনেক এগিয়ে নেদারল্যান্ডস। তিনবার বিশ্বকাপের ফাইনাল খেলেছে কমলা জার্সির দলটি। ফিফা র্যাঙ্কিংয়ে আছে আটে। ডাচদের দলে আছেন সময়ের অন্যতম সেরা ডিফেন্ডার ভার্জিল ফন ডাইন, নাথান একেরা। মিডফিল্ডে ফ্রেঙ্কি ডি জং, টিজানি রেইজেন্ডার বিশ্বমানের। ফরোয়ার্ড লাইনের কোডি গাপকো কিংবা মেস্পিস ডিপাইরা ম্যাচের ব্যবধান গড়ে দিতে পারেন।
সুইডেন শিবিরে অত তারকা না থাকলেও বাতাসের বলে ডাচদের সঙ্গে পাল্লা দিয়ে লড়বে তারা। সুইডেন দলের অধিকাংশ ফুটবলারের উচ্চতা ছয় ফুট বা তার ওপরে। স্ট্রাইকার অ্যালেকজান্ডার ইশাক ও ভিক্টর ইয়োকারেস সেট পিস থেকে বাতাসে ভেসে আসা বলে খুনে মেজাজ ধারণ করেন। তাদের রক্ষণে থাকা ইশাক হিয়েন, ভিক্টর লিন্ডলফ কিংবা মাঝমাঠের ইয়াসিন আয়ারি, জেসপার আয়ারি কার্লস্ট্রম এরিয়াল ডুয়েলে সমান পারদর্শী। ফ্রি কিক ও কর্নার কিকে যেমন তারা গোল আদায় করে ডাচদের চাপে ফেলতে পারেন, তেমনি সেট পিসে ফন ডাইক, গাকপোদের রুখে দেওয়ার সামর্থ্য রাখেন। ক্লাব পর্যায়ে ইশাক যেমন ছয়বার ফন ডাইকের মুখোমুখি হয়ে চারবার গোল পেয়েছেন।
ফিফা র্যাঙ্কিংয়ে ৩৪ নম্বরে থাকা সুইডেনের বিপক্ষে চাপে থাকবে রোনাল্ড কোম্যানের নেদারল্যান্ডস। কারণ ফেভারিট তকমা নিয়ে টুর্নামেন্ট শুরু করা ডাচরা প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে পয়েন্ট হারিয়েছে। সুইডেন আবার গ্রুপ সঙ্গী তিউনিসিয়ার বিপক্ষে বড় জয় তুলে নিয়ে টেবিলে শীর্ষে আছে। ডাচদের বিপক্ষে সমতা করাও ব্লু-ইয়োলোদের জন্য পোয়া বারো হবে। জিতলে তো কথাই নেই। নিশ্চিত হয়ে যাবে নকআউট পর্বে খেলা।
অন্যদিকে নেদারল্যান্ডসের জন্য জয়ভিন্ন যেকোনো ফল আসর থেকে বিদায়ের শঙ্কায় ফেলে দেবে। নেদারল্যান্ডস ফরোয়ার্ড গাপকো যেমন বলেই দিয়েছেন, ‘আমাদের আরও বেশি গোল করতে হবে। বেশ কিছু জায়গা আছে উন্নতির। জাপানের বিপক্ষে আমাদের লো ব্লক ডিফেন্সের বিরুদ্ধে খেলতে হয়েছে। এই ম্যাচে (সুইডেন) ভালো ট্রানজিশন করতে হবে। তবে আমার ধারণা, সুইডেনও ম্যাচটা একই রকমভাবে (রক্ষণাত্মক) খেলবে।’
- বিষয় :
- সুইডেন
- নেদারল্যান্ডস
- বিশ্বকাপ ফুটবল
