টরেন্টোতে আজ জার্মানি বনাম আফ্রিকান হাতির লড়াই
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৬ | ১০:০২
বিশ্বকাপ শুরুর আগে জার্মানিকে কেউ ফেভারিটের কাতারে রাখেননি। প্রথম ম্যাচেই নবীন কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়ে সবাইকে বার্তা দিয়ে দিয়েছে জার্মানি। আজ টরন্টোতে তাদের প্রতিপক্ষ ‘আফ্রিকান হাতি’ হিসেবে খ্যাত আইভরি কোস্ট। এই ম্যাচেই জার্মানদের শক্তির গভীরতা টের পাওয়া যাবে। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি।
বড় জয়ে বিশ্বকাপ শুরু করায় ফুরফুরে মেজাজে থাকার কথা জার্মানদের। গুরুত্বপূর্ণ এ ম্যাচটির আগে অদ্ভুত এক সমস্যার মুখে পড়েছে তারা। তাদের অনুশীলনে দেখা দিয়েছে সাপের উপদ্রব। তারা যে মাঠে অনুশীলন করে, সেই মাঠের ঘাসের ভেতর থেকে একটি বিষধর সাপ উদ্ধার করা হয়েছে। তাই মাঠে পা ফেলতেই ভয় পাচ্ছেন কিমিখ-হাভার্টজরা। বিশ্বকাপে জার্মানদের বেস ক্যাম্প নর্থ ক্যারোলিনার ওয়েক ফরেস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সেখানেই দেখা মিলেছে বিষধর কপারহেড সাপের। ক’দিন আগে সকালে অনুশীলনে নামতেই ঘাসের মধ্যে চোখে পড়ে একটি সাপ। দ্রুত অনুশীলন থামিয়ে সেখান থেকে সরে আসে জার্মান দল। পরে সেখান থেকে উদ্ধার করা হয় একটি বিষধর সাপ। জার্মান অধিনায়ক জসুয়া কিমিখ এই ঘটনা নিয়ে কৌতুক করে বলেছিলেন, ‘জার্মানিতে আমরা ম্যাচের আগে চোট-আঘাত ও পরবর্তী প্রতিপক্ষ নিয়ে চিন্তা করি। কিন্তু এখানে ঘাসের ভেতর কী আছে, সেটি নিয়েও ভাবতে হচ্ছে!’
অবশ্য সাপের এই উপদ্রব সত্ত্বেও আজ ফেভারিট হিসেবেই মাঠে নামবে জার্মানি। স্পেন, পর্তুগালের মতো ইউরোপিয়ান ফেভারিটরা যেখানে ড্র করেছে, সেখানে তারা বিশাল জয়ে আসর শুরু করেছে। এই শতাব্দীতে মাত্র ৫টি বিশ্বকাপ ম্যাচে সাতের চেয়ে বেশি গোল হয়েছে। এর দুটি আবার জার্মানদেরই। আজ আইভরি কোস্টকে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করার পাশাপাশি গ্রুপের শীর্ষস্থান দখলও তাদের লক্ষ্য। তবে দারুণ জয়ে বিশ্বকাপ শুরু করলেও তাদের রক্ষণের অবস্থা কিছুটা নড়েবড়ে। সর্বশেষ ৫ ম্যাচে ৪ গোল হজম করেছে তারা। শেষ সাত ম্যাচের প্রতিটিতেই ন্যূনতম এক গোল হজম করেছে। এমনকি পুচকে কুরাসাও-ও তাদের জালে বল পাঠিয়েছে।
জার্মান রক্ষণের এই দুর্বলতার ফায়দা তুলতে চায় আইভরি কোস্ট। জয় দিয়ে আসর শুরু করেছে আফ্রিকান এ দেশটিও। গত সোমবার ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়েছে তারা। ম্যাচের নব্বই মিনিটের সময় ম্যানচেস্টার ইউনাইটেড তারকা আমাদ দিয়ালো একমাত্র গোলটি করেন। যদিও ইকুয়েডরের তিনটি প্রচেষ্টা পোস্টে লেগে প্রতিহত না হলে ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারত। সে যাই হোক, আজ জার্মানিকে হারাতে পারলে আইভরি কোস্টেরও নকআউট নিশ্চিত হয়ে যাবে। চতুর্থ বার বিশ্বকাপ খেলতে আসা আইভরি কোস্ট অতীতে কোনো সময়ই নকআউটে খেলতে পারেনি। এবার তাদের সামনে সুবর্ণ সুযোগ। আফ্রিকান দেশগুলোর মধ্যে ঘানা ও তারাই কেবল জয় দিয়ে আসর শুরু করতে পেরেছে। প্রস্তুতি ম্যাচে ফ্রান্সকে ২-১ গোলে হারিয়ে আসায় আইভরি কোস্টের আত্মবিশ্বাসও তুঙ্গে। এই দুই দল এখন পর্যন্ত একবার মুখোমুখি হয়েছে। ২০০৯ সালে তাদের প্রীতি ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল।
- বিষয় :
- জার্মানি
- আইভরি কোস্ট
- বিশ্বকাপ ফুটবল
