ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

‘ভালো খেলেছি, তবে আরও উন্নতি চাই’, হাইতি বধের পর আনচেলত্তি

‘ভালো খেলেছি, তবে আরও উন্নতি চাই’, হাইতি বধের পর আনচেলত্তি
×

ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬ | ১০:২৩

‘আমরা ভালো খেলেছি’, হাইতির বিপক্ষে ম্যাচ শেষে সেলেসাওদের পারফরম্যান্স নিয়ে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির মূল্যায়ন ছিল ঠিক এমনই। বিশেষ করে ম্যাচের প্রথমার্ধে ভিনিসিয়ুস জুনিয়র ও মাতেউস কুনহারা যে আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছেন, তাতে শিষ্যদের পাসমার্কই দিয়েছেন তিনি। তবে প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধের ছন্নছাড়া ভাব ভাবিয়ে তুলছে এই ইতালিয়ান মাস্টারমাইন্ডকে। তাই তো জয় উদযাপনের মাঝেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দলের আরও উন্নতি করা প্রয়োজন।

শনিবার ফিলাডেলফিয়া স্টেডিয়ামে হাইতিকে ৩-০ গোলে হারানোর পর স্টেডিয়ামের মিক্সড জোনে কার্লো আনচেলত্তি বলেন, ‘প্রথমার্ধে আমরা সত্যিই ভালো খেলেছি। দলের খেলার মান বেড়েছে। আক্রমণেও আমরা আগের ম্যাচের চেয়ে অনেক বেশি নিখুঁত ছিলাম। যাই হোক, আজ আমরা উন্নতি করেছি। তবে পরের ম্যাচে আমাদের আরও উন্নতি করতে হবে।’

ম্যাচে ব্রাজিলের তিনটি গোলের সবকটিই আসে প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে এন্ড্রিক-মার্তিনেল্লিদের নামিয়ে বেশ কিছু আক্রমণ চালালেও ব্যবধান বাড়াতে পারেনি সেলেসাওরা। তারপরও মরক্কো ম্যাচের চেয়ে হাইতির বিপক্ষে টোটাল শট, অন-টার্গেট শট এবং বল পজিশনে দল এগিয়ে থাকায় সন্তুষ্টি প্রকাশ করেছেন আনচেলত্তি।

হাইতির জমাট রক্ষণ ভাঙার প্রশংসা করে ব্রাজিল কোচ আরও বলেন, ‘আমার মনে হয়, আক্রমণভাগে আমাদের খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া ও সমন্বয় ভালো ছিল। ওরা পরিকল্পনা অনুযায়ী ঠিকঠাকই খেলেছে। আমাদের সামনে সব সময় হাইতির পাঁচজন ডিফেন্ডার দেয়াল হয়ে দাঁড়িয়ে ছিল, তা ভেঙে সুযোগ তৈরি করা সহজ ছিল না। সার্বিক দিক বিবেচনায় আমার মনে হয়, আমরা ভালো খেলেছি।’

আরও পড়ুন

×