ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

ভাইয়ের প্রতিপক্ষ যখন ভাই

ভাইয়ের প্রতিপক্ষ যখন ভাই
×

ফরাসি লিগ ওয়ানের ম্যাচে ছোট ভাই ডিসায়ার দুয়ে ও বড় ভাই গুয়েলা দুয়ে। বিশ্বকাপের মঞ্চে ডিসায়ার খেলছেন ফ্রান্সের হয়ে আর গুয়েলা আইভরি কোস্টের জার্সিতে

আহসান হাবিব সম্রাট

প্রকাশ: ২১ জুন ২০২৬ | ০৯:৫০

ফুটবল বা ক্রিকেটসহ বিভিন্ন ক্রীড়া আসরে আপন ভাইদের প্রতিপক্ষ দলে খেলার ঘটনা অপরিচিত কোনো বিষয় নয়। সেটা সাধারণত স্কুল, পাড়ার দল, ক্লাব পর্যায়ে বা স্থানীয় টুর্নামেন্টে ঘটতে দেখা যায়। কিন্তু বিশ্বকাপ ফুটবলের মতো বিশ্বের সর্বোচ্চ ক্রীড়া মঞ্চে তেমনটা ঘটলে সেটা যে কাউকেই খানিকটা অপ্রস্তুত করে দেয়। বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত দুই ভাইয়ের লড়াই দেখেছেন ফুটবল অনুরাগীরা। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০১০ বিশ্বকাপে জার্মানি ও ঘানার লড়াইটি ছিল দুই ভাইয়েরও।

জার্মানির জার্সি গায়ে মাঠে নেমেছিলেন জেরোমে বোয়াটেং। আর ঘানা দলে ছিলেন তাঁর সৎ বড় ভাই কেভিন প্রিন্স। যে ম্যাচটিতে ১-০ ব্যবধানে জয় তুলে নেয় জার্মানি। চার বছর পর বিশ্বকাপে  আবারও দুই ভাইয়ের দল মুখোমুখি হয়। গ্রুপ পর্বের যে ম্যাচে ২-২ ব্যবধানে পয়েন্ট ভাগাভাগি করে দুই দল। তবে আগের সব বিশ্বকাপকে ছাপিয়ে এবার বিশ্বকাপে বিভিন্ন দলের হয়ে খেলছেন আট ভাই!

এবারের বিশ্বকাপে আবারও প্রতিপক্ষ দলের হয়ে দুই ভাইয়ের লড়াই মাঠে গড়াতে পারে। যেমনটা হতে পারে ডিসায়ার দুয়ে ও তাঁর ভাই গুয়েলা দুয়ের ক্ষেত্রে। প্যারিস সেন্ট জার্মেই ও স্ট্রাসবুর্গের হয়ে খেলা এ দুই ভাই এবার ভিন্ন দলের জার্সিতে বিশ্বকাপে অংশ নিচ্ছেন। ফরাসি মা ও আইভরি কোস্টের বাবার এ দুই সন্তান একজন ফ্রান্সের এবং অপরজন আইভরি কোস্টের জার্সি গায়ে চাপিয়েছেন।

ফ্রান্সের ফুটবলবিষয়ক অনুষ্ঠান টেলিফুটকে দেওয়া সাক্ষাৎকারে ডিসায়ার বলেন, ‘আমরা (দুই ভাই) একে অপরকে সবকিছুই জানাই। আমাদের মধ্যে গোপন কিছু নেই। আমার প্রতিদিনের জীবনে সে আমার সবচেয়ে বড় সমর্থক।’ কিন্তু বিশ্বকাপের ম্যাচে তারা মুখোমুখি হলে তাদের এই ঘনিষ্ঠ সম্পর্ক কী বজায় থাকবে? দুই ভাইয়ের প্রতিপক্ষ হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফ্রান্স যদি টুর্নামেন্টের গ্রুপ ‘আই’ থেকে রানার্সআপ হয় এবং গ্রুপ ‘ই’ থেকে আইভরি কোস্ট একই ফল করে, তাহলে আগামী ৩০ জুন টেক্সাসের আরলিংটনে ফ্রান্স ও আইভরি কোস্টের পাশাপাশি লড়াই হবে দুই ভাইয়ের মধ্যেও।

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও দুই দল মুখোমুখি হয়েছিল। কিন্তু ওই ম্যাচে ফ্রান্সের বদলি খেলোয়াড়দের তালিকায় থাকা ডিসায়ারের শেষ পর্যন্ত মাঠে নামা হয়নি। এ কারণে ভাইয়ের বিরুদ্ধে লড়াইয়ে নামতে হয়নি তাঁকে। ওই সময় রেকর্ড গড়ার সুযোগ মিস হওয়ায় ক্ষোভ ঝেড়েছিলেন ডিসায়ার। ওই ম্যাচের মাত্র পাঁচ দিন আগে পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন হওয়া এই তরুণ ফরোয়ার্ড বলেন, ‘এটা লজ্জার যে, আমি আমার ভাইয়ের বিপক্ষে ম্যাচে নামতে পারিনি। যেহেতু এটা আমাদের খেলোয়াড়ি সময়ের প্রথম ফ্রান্স-আইভরি কোস্ট লড়াই ছিল।’

এবারের টুর্নামেন্টে বিশ্বকাপ খেলা ভাইদের মধ্যে আরও আছেন অস্ট্রেলিয়ার রক্ষণভাগের খেলোয়াড় হ্যারি সটার (২৮)। তাঁর বড় ভাই জনও (২৯) বিশ্বকাপে অংশ নিচ্ছে। তিনি খেলছেন স্কটল্যান্ডে পক্ষে। তাদের মা হিদার একজন অস্ট্রেলিয়ান।

মজার ব্যাপার হচ্ছে, হ্যারি বর্তমানে সকারুদের হয়ে বিশ্বকাপে খেললেও যুব পর্যায়ে বাবার দেশ স্কটল্যান্ডের হয়ে খেলেছেন তিনি। বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া ২-০ ব্যবধানে তুরস্ককে হারায়। যে ম্যাচে সকারুদের দলপতি ছিলেন হ্যারি। এবারের বিশ্বকাপে ভাইদের অন্য গল্পও আছে। যেমন– নেদারল্যান্ডসের জাতীয় দলের ড্রেংসিরুম ভাগাভাগি করছেন ঘানার বংশোদ্ভূত দুই ডাচ ফুটবলার ডিফেন্ডার ডেরিক লাককাসেন (৩০) ও তাঁর সৎভাই সান্দারল্যান্ড স্ট্রাইকার ব্রিয়ান ব্রবেই (২৪)।

আরও পড়ুন

×