ফিরছেন নেইমার, তবে রাফিনিয়াকে নিয়ে দুঃসংবাদ ব্রাজিলের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৬ | ০৯:৫৪ | আপডেট: ২১ জুন ২০২৬ | ০৯:৫৪
চোটের কানাগলি পেরিয়ে অবশেষে ব্রাজিল শিবিরে স্বস্তির সুবাতাস। গ্রুপ পর্বের শেষ ম্যাচেই মাঠে ফিরছেন দলের সবচেয়ে বড় তারকা নেইমার। তবে এই স্বস্তির রেশ কাটার আগেই বড় এক দুঃসংবাদ হানা দিল সেলেসাও ড্রেসিংরুমে। হ্যামস্ট্রিং চোটের কারণে গ্রুপ পর্বের শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দলের অন্যতম প্রধান আক্রমণভাগের তারকা রাফিনিয়া। এমনকি পুরো বিশ্বকাপে তার টিকে থাকা নিয়েও তৈরি হয়েছে বড়সড় সংশয়।
হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে ডান পায়ের মাংসপেশিতে ব্যথা অনুভব করায় মাত্র ৪০ মিনিটেই মাঠ ছাড়তে বাধ্য হন বার্সেলোনার এই উইঙ্গার। এরপর থেকেই তার চোটের গভীরতা নিয়ে জল্পনা-কল্পনা চলছিল। অবশেষে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে রাফিনিয়ার চোটের সর্বশেষ আপডেট আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ সিবিএফের বরাত দিয়ে নিশ্চিত করেছে, রাফিনিয়ার ডান ঊরুর পেছনের হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়েছে। ফলে আগামী বুধবার দিবাগত রাত ৪টায় স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের বাঁচা-মরার শেষ ম্যাচে তিনি খেলতে পারছেন না।
তবে এখনই বিশ্বকাপ স্কোয়াড থেকে রাফিনিয়াকে পুরোপুরি বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই সিবিএফের। ব্রাজিলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থার বিশ্বাস, টুর্নামেন্ট চলাকালেই সুস্থ হয়ে উঠবেন তিনি। সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, ব্রাজিল যদি নকআউট পর্ব নিশ্চিত করতে পারে, তবে আগামী দুই সপ্তাহ পর শেষ ষোলোর মঞ্চেই রাফিনিয়াকে খেলানোর লক্ষ্য নিয়ে কাজ করছে মেডিকেল টিম।
সিবিএফ তাদের অফিসিয়াল বিবৃতিতে জানায়, ‘শনিবারের পরীক্ষায় রাফিনিয়ার ডান ঊরুর পেছনের অংশে পেশিতে চোট ধরা পড়েছে। সে এখন জাতীয় দলের চিকিৎসক দলের তত্ত্বাবধানে নিবিড় চিকিৎসা ও পুনর্বাসন কর্মসূচির মধ্য দিয়ে যাবে। আমাদের মূল লক্ষ্য হলো, যত দ্রুত সম্ভব তাকে সুস্থ করে আবার মাঠে ফিরিয়ে আনা।’
ফিফার নিয়ম অনুযায়ী, বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড একবার নিবন্ধন হয়ে যাওয়ার পর চোটের কারণেও নতুন কোনো খেলোয়াড় অন্তর্ভুক্ত করার সুযোগ নেই। ফলে রাফিনিয়াকে সঙ্গে রেখে নকআউট পর্বের জন্য তাকে প্রস্তুত করতে চায় সিবিএফ।
- বিষয় :
- রাফিনহা
- ব্রাজিল
- বিশ্বকাপ ফুটবল
- নেইমার
