ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

রাফিনিয়ার পজিশনে কাকে পছন্দ আনচেলত্তির?

রাফিনিয়ার পজিশনে কাকে পছন্দ আনচেলত্তির?
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৬ | ১৩:১২ | আপডেট: ২১ জুন ২০২৬ | ১৩:১৬

ব্রাজিলের তারকা ফরোয়ার্ড রাফিনিয়ার চোট কোচ কার্লো আনচেলত্তির জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। চোটের কারণে অন্তত বিশ্বকাপের পরবর্তী দুই ম্যাচে মাঠের বাইরে থাকতে হচ্ছে বার্সেলোনার হয়ে খেলা এই ব্রাজিলিয়ান উইঙ্গারকে। এমনকি পুরো বিশ্বকাপে তার টিকে থাকা নিয়েও তৈরি হয়েছে বড়সড় সংশয়। রাফিনিয়ার অনুপস্থিতিতে ব্রাজিলের আক্রমণভাগে বিশেষ করে রাইট উইং পজিশনে কে খেলবেন তা নিয়ে চলছে নানা আলোচনা।

রাফিনহার বিকল্প হিসেবে রাইট উইংয়ে খেলার জন্য সবচেয়ে বেশি এগিয়ে আছেন লুইজ হেনরিক ও রায়ান। আনচেলত্তির অধীনে লুইজ হেনরিকে ইতোমধ্যেই ব্রাজিলের হয়ে চারটি ম্যাচ ডান প্রান্তে খেলেছেন। অন্যদিকে হাইতির বিপক্ষে ম্যাচে রাফিনিয়া চোট পেয়ে মাঠ ছাড়ার পর তার বদলি খেলোয়াড় হিসেবে তরুণ রায়ানকে মাঠে নামানো হয়েছিল।

এদিকে ব্রাজিলের রাইট উইং সামলানোর জন্য এন্ড্রিকের নামও আলোচনায় রয়েছে। তবে ক্লাব পর্যায়ে উইংয়ে খেলার অভিজ্ঞতা থাকলেও জাতীয় দলের হয়ে এন্ড্রিককে এখনও সেই ভূমিকায় নিয়মিত খেলতে দেখা যায়নি। ব্রাজিলের জার্সিতে কোচ আনচেলত্তি তাকে সাধারণত সেন্টার-ফরোয়ার্ডে ব্যবহার করছেন।

হাইতির বিপক্ষে রাফিনিয়ার বদলি হিসেবে রায়ানকে খেলানোর কারণ ব্যাখ্যা করে আনচেলত্তি বলেন, ‘আমি রায়ানকে সুযোগ দিয়েছি কারণ সে ভালো মানের ফুটবল খেলছে। তার খেলার ধরন রাফিনিয়ার চেয়ে আলাদা। অনেক সময় এই ছোট ছোট বিষয়ই সিদ্ধান্ত নির্ধারণ করে দেয়।’

হাইতির বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে স্বস্তি ফিরেছে ব্রাজিল শিবিরে। স্বস্তির রেশ কাটার আগেই রাফিনিয়ার চোট দুঃসংবাদ হানা দেয় সেলেসাও ড্রেসিংরুমে। ফিলাডেলফিয়ার লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ডে হাইতির বিপক্ষে ম্যাচের ৪০ মিনিটের মাথায় হঠাৎ করেই মাঠে হাঁটু গেড়ে বসে পড়েন রাফিনিয়া। পরে আর তার পক্ষে খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। চিকিৎসকদের সহায়তায় মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।

তবে রাফিনিয়ার ইনজুরির মধ্যেও ব্রাজিল শিবিরে সুখবর রয়েছে। পায়ের মাংসপেশির চোট কাটিয়ে দলে ফিরতে যাচ্ছেন তারকা ফরোয়ার্ড নেইমার। কোচ আনচেলত্তি জানিয়েছেন, নেইমার খুব শিগগির দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে যোগ দেবেন। তবে তাকে রাইট উইংয়ের বিকল্প হিসেবে ভাবা হচ্ছে না।

হাইতির বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ের পর একদিনের বিরতি কাটিয়ে আবার অনুশীলনে ফিরেছে ব্রাজিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে রাফিনিয়ার পরিবর্তে কাকে ব্রাজিলের প্রথম একাদশে দেখা যাবে, তা নির্ধারণে আগামী কয়েকটি প্র্যাকটিস সেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে প্র্যাকটিস সেশনেও ব্রাজিলের কোচিং স্টাফরা বিভিন্ন ধরনের কৌশল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে বলে জানা গেছে। সাম্প্রতিক অনুশীলনে রায়ান ও লুইজ হেনরিকেকে ডান প্রান্তে পালাক্রমে খেলানো হয়েছে। এন্ড্রিককে সেখানে সেন্টার-ফরোয়ার্ডের ভূমিকায় দেখা গেছে।

আগামী ২৫ জুন বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। যুক্তরাষ্ট্রের মিয়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় ম্যাচটি শুরু হবে।

আরও পড়ুন

×