২০০ উইকেট নিয়ে নাহিদা আক্তারের রেকর্ড
ছবি- বিসিবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৬ | ১৩:১৮
প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করে ইতিহাস গড়েছেন নাহিদা আক্তার। টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিতে দুর্দান্ত বোলিংয়ের মাধ্যমে তিনি এই রেকর্ড গড়েন।
ম্যাচে বাংলাদেশের দেওয়া ১২৪ রানের লক্ষ্যে খেলতে নামা পাকিস্তানকে ধসিয়ে দিতে বল হাতে বড় ভূমিকা রাখেন নাহিদা। তিনি ৪ ওভারে মাত্র ১৮ রান খরচ করে তুলে নেন গুরুত্বপূর্ণ ৩টি উইকেট। বোলারদের এমন দাপটে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে আসরে নিজেদের দ্বিতীয় জয় তুলে নেয় বাংলাদেশ।
ম্যাচ শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেওয়া এক ভিডিও বার্তায় নাহিদা আক্তার বলেন, ‘আমরা ভালো একটা ম্যাচ জিততে পেরেছি, এ জন্য শুকরিয়া। আন্তর্জাতিক ক্রিকেটে আমার ২০০তম উইকেট পেয়েছি, এ জন্য আমি অনেক খুশি।’
মাইলফলক অর্জনের পুরো কৃতিত্ব সতীর্থদের দিয়ে এই স্পিনার আরও বলেন, ‘আমার টিমমেটদের বলতে চাই, তাদের সাপোর্টেই আজকে আমি এই ২০০ উইকেট অর্জন করতে পেরেছি।’
- বিষয় :
- নাহিদা আক্তার
