ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

রোমেরোর চোট কতটা গুরুতর?

রোমেরোর চোট কতটা গুরুতর?
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৬ | ১৩:৩২ | আপডেট: ২৩ জুন ২০২৬ | ১৩:৪০

আলজেরিয়ার কিংবা মরক্কো, কোনো প্রতিপক্ষের সামনেই হোঁচট খায়নি আর্জেন্টিনা। গ্রুপপর্বে টানা দুই জয় তুলে নিয়ে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা। কিন্তু জয়ের আনন্দের পাশাপাশি আর্জেন্টিনা শিবিরে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ক্রিশ্চিয়ান রোমেরোর চোট। সোমবার রাতে অস্ট্রিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচের ৫৭ মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন এই আর্জেন্টাইন ডিফেন্ডার।

অস্বস্তি অনুভব করায় দলের রক্ষণভাগের অন্যতম ভরসা রোমেরোকে নিয়ে কোনোরকম ঝুঁকি নিতে চাননি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। রোমেরোকে তুলে নিয়ে তার পরিবর্তে দলের আরেক অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দিকে মাঠে নামান আর্জেন্টাইন মাস্টারমাইন্ড। এরপর থেকেই প্রশ্ন আসছে রোমেরোর চোট আসলে কতটা গুরুতর?

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনিও সেই প্রশ্ন এড়াতে পারেনি। তবে দলের প্রধান সেন্টার ব্যাকের ইনজুরি নিয়ে খুব বেশি তথ্য দিতে না পারলেও রোমেরোকে দ্রুত ফিরে পাওয়ার বিষয়ে আশাবাদী স্কালোনি।

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘রোমেরোর চোট কতটা গুরুতর সেটা আমরা এখনো জানি না। দুই-একদিনের মধ্যে পরীক্ষা করা হবে। গত মৌসুমের অনেকটা সময় এই চোট তাকে ভুগিয়েছে। আমরা আশাবাদী গুরুতর কিছু হবে না।’এদিকে জর্ডানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে নিয়মিত খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে আর্জেন্টিনা তাদের বেঞ্চের শক্তি পরীক্ষা করবে কি না, এমন প্রশ্নের জবাবে সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি স্কালোনি। আর্জেন্টাইন কোচ বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল প্রথম দুই ম্যাচ জিতে নকআউট নিশ্চিত করা। আমরা সেটি করেছি।’

স্কালোনি আরও বলেন, ‘আমরা চাইবো যত বেশি সম্ভব খেলোয়াড়কে মাঠে নামার সুযোগ করে দিতে। কারণ তারা প্রত্যেকে ম্যাচ খেলার যোগ্য দাবিদার। যদি সুযোগ থাকে, আমরা সেটা অবশ্যই করব।’

আরও পড়ুন

×