ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

‘মেসি, আমাকে বিয়ে করো’—আলোচনায় শতবর্ষী ভক্ত ‘গ্র্যানি স্মিথ’

‘মেসি, আমাকে বিয়ে করো’—আলোচনায় শতবর্ষী ভক্ত ‘গ্র্যানি স্মিথ’
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৬ | ১৯:১৫

বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ, লিওনেল মেসির গোল আর গ্যালারির উচ্ছ্বাস- সবকিছুকে ছাপিয়ে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এক শতবর্ষী বৃদ্ধা। সামাজিকমাধ্যমে যিনি পরিচিত ‘গ্র্যানি স্মিথ’ নামে, তার আসল নাম পলিন কানা।

মেসির প্রতি তার ভালোবাসা এবার বিশ্বকাপের মঞ্চে নতুন করে আলোচনায় এসেছে। যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলে জয়ের দিন গ্যালারিতে তাকে দেখা যায় আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে। হাতে ধরা ছিল একটি প্ল্যাকার্ড- তাতে লেখা, ‘আমি ১০০ বছরের এবং আমি মেসির ভক্ত।’

মুহূর্তটি টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়তেই তা দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। দর্শক ও ভক্তদের অনেকেই প্রশ্ন তোলেন- এই বৃদ্ধা ভক্ত আসলে কে?

পলিন কানা যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের বাসিন্দা। অনলাইনে তিনি ‘গ্র্যানি স্মিথ’ বা ‘গ্যাংস্টার গ্র্যানি’ নামেও পরিচিত। তার নাতি রস স্মিথের সঙ্গে মিলে তৈরি কৌতুকধর্মী ভিডিও, স্টান্ট ও ভাইরাল কনটেন্টের মাধ্যমে তিনি ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছেন।

মেসির প্রতি তার ভালোবাসা অবশ্য নতুন নয়। এর আগেও তিনি বিভিন্ন ম্যাচে উপস্থিত হয়ে প্ল্যাকার্ড হাতে মেসির উদ্দেশে বার্তা দিয়েছেন। ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপে ইন্টার মায়ামির ম্যাচে তিনি লিখেছিলেন, ‘মেসি, আমাকে বিয়ে করবে?’

পরে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) এর বিপক্ষে ম্যাচেও তাকে দেখা যায় আরেকটি প্ল্যাকার্ড নিয়ে, যেখানে লেখা ছিল, ‘মেসি, আমি তোমাকে ভালোবাসি। বয়স শুধু একটি সংখ্যা।’

সেই সময় গ্যালারিতে মেসি অনুশীলনের সময় তাকে দেখে হাসেন এবং হাত নেড়ে অভিবাদন জানান। সেই মুহূর্তও তখন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

পলিন কানা মূলত সামাজিক মাধ্যমে জনপ্রিয়তা পান তার নাতি রস স্মিথের সঙ্গে ভিডিও কনটেন্টের মাধ্যমে। ২০১২ সালে ভাইনের মাধ্যমে তাদের যাত্রা শুরু হয়, পরে ইনস্টাগ্রাম ও টিকটকে তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

সম্প্রতি তিনি একটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডও গড়েছেন। ৯৯ বছর ২৭৪ দিন বয়সে তিনি যুক্তরাষ্ট্রের একটি কনসার্টে দর্শকের কাঁধে ভেসে যাওয়ার (ক্রাউড সার্ফিং) মাধ্যমে সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে স্বীকৃতি পান।

বিশ্বকাপে মেসির ম্যাচে তার উপস্থিতি এবার সেই জনপ্রিয়তাকে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে। মেসি মাঠে গোল করে ইতিহাস গড়েছেন, আর গ্যালারিতে বসে পলিন কানা হয়ে উঠেছেন সামাজিক যোগাযোগমাধ্যমের নতুন তারকা।

আরও পড়ুন

×